ঢাকা: সড়ক দুর্ঘটনায় মারা গেলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষিকা।

রাজধানীর বনশ্রীতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুই বাসের চাপায় পিষ্ট হয়ে তিনি নিহত হয়েছেন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে বনশ্রীর ফরাজী হাসপাতালের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত শিক্ষিকার নাম তাসপিয়া আহমেদ তিসা (৩১)। তিনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আফতাবনগর শাখার শিক্ষক ছিলেন। তাঁর গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার প্রফেসর পাড়ায়।

তিনি পরিবারের সঙ্গে খিলগাঁওয়ের মেরাদিয়া নোয়াপাড়ায় থাকতেন।

নিহতের ভাই এনাম আহমেদ জানান, তাসপিয়া তাঁর কাজে বাড়ি থেকে বের হয়েছিলেন।

কিন্তু সন্ধ্যায় খবর আসে, ফরাজী হাসপাতালের সামনে মোটরসাইকেলের পেছন থেকে পড়ে গিয়ে দুই বাসের চাপায় তিনি প্রাণ হারিয়েছেন। হতচকিত হয়ে পরিবারের লোকেরা।

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) অনয় চন্দ্র পাল জানান, রমজান পরিবহন ও অন্য আরেকটি বাসের চাপায় পড়ে ঘটনাস্থলেই তাসপিয়া আহমেদ মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

আইনি প্রক্রিয়া সম্পন্ন করে রাত ৯টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এসআই অনয় চন্দ্র পাল আরো জানান, ঘটনার পরপরই রমজান পরিবহনের একটি বাসসহ দুর্ঘটনাকবলিত দুটি বাসই জব্দ করা হয়েছে। বাস দুটির চালক এবং হেলপারদের আটক করেছে পুলিশ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *