চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেলো। প্রতিদিন মৃত্যু আছেই, প্রতিদিন ধর্ষণ আছেই, প্রতিদিন নারী নির্যাতন আছেই! বিভৎস একটা সময় দেশের।
গরুবোঝাই শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি উলটে গিয়ে বাবা, ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও আটজন।
আটজনের মধ্যে পাঁচজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এতবড় দুর্ঘটনাটি ঘটে বুধবার রাতে শিবগঞ্জের চৌডালা-কানসাট সড়কের পুসকুনি এলাকায়।
যারা মারা গিয়েছেন তাঁরা হলেন- উপজেলার কানসাট ইউনিয়নের বাবুবাজার এলাকার আয়েস উদ্দিন, তাঁর ছেলে শরিফুল ইসলাম, শিবনারায়ণপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে আব্দুল হাকিম।
নিহতদের স্বজন শফিকুল ইসলাম ঘটনা বিষয়ে জানান, তিনি, তাঁর শ্বশুর এবং আরও প্রায় ১০ থেকে ১২ জন মিলে গরু কেনার জন্য জেলার সোনাইচন্ডী হাটে গিয়েছিলেন।
সেখান থেকে ফেরার পথে শিবগঞ্জের পুসকুনি এলাকায় পৌঁছালে ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এবং গতি হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে উলটে যায়।
এতে করে ঘটনাস্থলেই আয়েস উদ্দিন মারা যান। এবং গুরুতর আহতদের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই শরিফুল ইসলাম মারা যান। এদিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল হাকিম মারা যান।
