ঢাকা: আগামি ১১ জুন থেকে শুরু হতে চলেছে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসর ২০২৬ ফিফা বিশ্বকাপ।
এবারের বিশ্বকাপ আয়োজন করছে তিনটি দেশ – মেক্সিকো, আমেরিকা যুক্তরাষ্ট্র এবং কানাডা।
টুর্নামেন্টের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে মেক্সিকো সিটিতে। সেই ম্যাচের আগে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
চার বছর পরপর আয়োজিত এই মহাযজ্ঞকে ঘিরে বাংলাদেশেও তৈরি হয়েছে উৎসবের আমেজ।
তবে এবারের বিশ্বকাপ শুরুর আগে দেশের কোটি কোটি ফুটবলপ্রেমীর মনে ছিল একটাই প্রশ্ন—টেলিভিশনের পর্দায় কি দেখা যাবে বিশ্বকাপ?
সেই শঙ্কার অবসান হলো টুর্নামেন্ট শুরুর মাত্র এক সপ্তাহ আগে। দেশের দর্শকরা ঘরে বসেই উপভোগ করতে পারবেন বিশ্বকাপের প্রতিটি ম্যাচ।
ফিফা বিশ্বকাপের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি সংবাদভিত্তিক টেলিভিশন সময় টেলিভিশন।
এবং রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও দেশের একমাত্র ক্রীড়াভিত্তিক চ্যানেল টি-স্পোর্টস সম্প্রচার করবে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় এই আসর।
জানা গেছে, এই তিনটি টেলিভিশন চ্যানেলের একটি যৌথ কনসোর্টিয়াম সরাসরি ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছ থেকে বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কিনে নিয়েছে।
বিশ্বকাপ সম্প্রচারে বিটিভির নিজস্ব কোনো অর্থ ব্যয় হচ্ছে না বলেও জানা গেছে। সম্প্রচার-সংক্রান্ত পুরো ব্যয় বহন করছে সংশ্লিষ্ট স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ও টেলিকম অপারেটরগুলো, যারা যৌথভাবে এই উদ্যোগ বাস্তবায়ন করছে।
ফিফার তরফে জানানো হয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই মঞ্চ মাতাবেন বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা এবং নাইজেরিয়ান গায়ক বার্না বয়।
তাঁরা পরিবেশন করবেন ‘দাই দাই’ গানটি, যা ২০২৬ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল সংগীত হিসেবে নির্বাচিত হয়েছে।
