রাজবাড়ী: রাজবাড়ীতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছে। তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় একটি বাস, ইজিবাইক এবং মাহিন্দ্রা পুরো দুমড়ে-মুচড়ে গেছে। ত্রিমুখী সংঘর্ষ যাকে বলে।
জানা গিয়েছে, এই ঘটনার ফলে দুজন নিহত হয়েছেন; আহত হয়েছেন প্রায় ১৫ জন।
রবিবার রাত সাড়ে ৮টার দিকে খানখানাপুর রেলগেইট এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ জানান।
নিহতরা হলেন- বালিয়াডাঙ্গি উপজেলার ইসলামপুর ইউনিয়নের শামুকখোলা গ্রামের মালেক শেখ এবং সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় বাসিন্দা মনোয়ার হোসেন পাটোয়ারি।
ঘটনার প্রত্যক্ষদর্শীদের মুখে জানা গিয়েছে, রাজবাড়ীগামী একটি তেলবাহী ট্রেন খানখানাপুর রেলগেইট পার হচ্ছিলো।
এদিকে, ট্রেনটি রেলগেইট পার হওয়ার আগেই পেছনের পাঁচটি বগি মূল ট্রেন থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে যায়। তবে ইঞ্জিন ও সামনের অংশ রেলগেইট অতিক্রম করে।
আর তখন গেইটম্যান রেললাইন ফাঁকা মনে করে প্রতিবন্ধক তুলে দেন। এ সময় একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা এবং একটি ইজিবাইক রেললাইন পার হওয়ার চেষ্টা করে।
ঠিক সেই সময় ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে আসা বগিগুলো তিনটি যানবাহনকে সজোরে ধাক্কা দেয়।
রাজবাড়ী রেলওয়ের নির্বাহী প্রকৌশলী হাবিবুর রহমান রহমান বলেন, “এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আর ফরিদপুর থেকে ইঞ্জিন আসছে, সেটি এসে বগি নিয়ে গেলেই লাইন ক্লিয়ার হবে।”
