নারায়ণগঞ্জ: বিয়েতে আসার পথে মর্মান্তিক ঘটনা ঘটে গেলো। আনন্দ মুহূর্তেই বিষাদ!

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আত্মীয়ের বিয়েতে আসার পথে ১৪ জন যাত্রী নিয়ে একটি ট্রলার মেঘনা নদীতে ডুবে গেছে।

ঘটনায় রাইশা বেগম (৫৫) নামে এক নারী মারা গিয়েছেন। তাঁর লাশ উদ্ধার করা হয়েছে। একই পরিবারের বাবা, দুই ছেলে এবং মেয়েসহ চারজন এখনো নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সোনামই এলাকায় আমান সিমেন্ট কারখানাসংলগ্ন মেঘনা নদীতে দুর্ঘটনাটি ঘটে।

নিখোঁজ ব্যক্তিরা হলেন হেলাল উদ্দিন (৫৫), তার ছেলে সজীব (২৪) ও সামিন (৫) এবং মেয়ে সামিয়া (১৭)। একই পরিবারের শিরিন বেগম (৪৫) ও তার আরেক মেয়ে লামিয়া আক্তারকে জীবিত উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, বৈদ্যেরবাজার ইউনিয়নের হারিয়া এলাকার সাজিয়া আক্তার ও শিশিরের বিয়েতে যাচ্ছিলেন আত্মীয় স্বজনরা। হোমনা থেকে একটি ট্রলারে করে সোনারগাঁয়ের হারিয়া এলাকায় আসছিলেন।

মেঘনা নদী পার হওয়ার সময়ই ট্রলারটি ডুবে যায়। যাত্রীরা পানিতে পড়ে যান।

দুর্ঘটনা দেখে স্থানীয় লোকজন মিলে অন্য একটি ট্রলার নিয়ে কয়েকজনকে উদ্ধার করেন। আহত কয়েকজনকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমাদের এখানে একজন নারী রোগী আনা হয়েছে। তিনি মারা গেছেন।’

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, ‘নিখোঁজ চারজনকে উদ্ধারে আমাদের ডুবুরি দল গিয়েছিল। তবে রাত হয়ে যাওয়ায় উদ্ধার কার্যক্রম চালানো সম্ভব হয়নি। শুক্রবার সকালে ফের উদ্ধার কার্যক্রম শুরু হবে।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *