ঢাকা: ঢাকার সদরঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় একটি ট্রলার ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে দুজন নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ব্যক্তিদের পরিচয় এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি।
আজ রবিবার, ১৯ জুলাই সকাল সাড়ে ৯টার দিকে শ্যামবাজার এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, বরিশাল থেকে ছেড়ে আসা এমভি সুন্দরবন-১২ লঞ্চের সঙ্গে কুমিল্লাগামী একটি ট্রলারের সংঘর্ষ হলে ট্রলারটি ডুবে যায়।
ট্রলারটি একদম নতুন। এতে মোট ১০ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে আটজন নিরাপদে উদ্ধার হলেও দুইজন এখনো নিখোঁজ রয়েছেন।
ফায়ার সার্ভিস এই বিষয়ে জানায়, ডুবে যাওয়া ট্রলারটির অবস্থান শনাক্ত করা হয়েছে। নিখোঁজ দুইজনকে উদ্ধারে সদরঘাট নদী ফায়ার স্টেশনের একটি ডুবুরি ইউনিট উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।
