ঢাকা: টানা ঝড় বৃষ্টির মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে বাসের ওপর আচমকা একটি বড় গাছ ভেঙে পড়েছে। এতে গাড়িটি দুমড়েমুচড়ে গিয়েছে। তবে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
রবিবার (১২ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শান্ত চত্বরে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা এই বিষয়ে জানান, বৃষ্টির সময় হঠাৎ করেই গাছটি উপড়ে পার্কিং এলাকায় থাকা বাসের ওপর পড়ে যায়। এতবড় গাছটি এইভাবে পড়ে যাওয়ায় শিক্ষার্থী ও উপস্থিত লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তাঁরা বলছেন, ভাগ্য ভালো যে গাছটি কারো গায়ে পড়েনি। এখানেই ঘটে যেতো মৃত্যুর ঘটনা।
খবর পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন এবং গাছটি অপসারণের উদ্যোগ নেন।
পরিবহন প্রশাসক অধ্যাপক মো. তারিক বিন আতিক বলেছেন, ‘আজ সকালে ক্যাম্পাসে আমাদের বিশ্ববিদ্যালয়ের বাসের ওপর একটি বড় গাছ ভেঙে পড়ে। এখানে শিক্ষার্থীদের কোনো ক্ষয়ক্ষতি না হলেও গাড়িটির ব্যাপক ক্ষতি হয়েছে। আনুমানিক তিন থেকে চার লাখ টাকার ক্ষতি হতে পারে।’
ঝুঁকিপূর্ণ গাছ সম্পর্কে তিনি বলেন, ‘ক্যাম্পাসে অনেকগুলো ঝুঁকিপূর্ণ গাছ রয়েছে। প্রশাসনের উচিত এগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া। এই গাছ যদি শিক্ষার্থীদের ওপর পড়তো তাহলে হতাহতের সম্ভাবনা দেখা দিত। তাই প্রশাসনের উচিত গাছগুলোর ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।’
