ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪৭৫.৬ গ্রাম (৪০.৭৮ ভরি) স্বর্ণালংকারসহ দুই ব্যক্তিকে আটক করেছে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
উদ্ধার করা স্বর্ণালংকারের আনুমানিক বাজারমূল্য হবে ৭৫ লাখ ৬২ হাজার ৪০ টাকা।
যাদের আটক করা হয়েছে, সেই দুজন হলেন খায়রুল হাসান আকন (২৯) ও শেখ আরিফুল ইসলাম (৪৬)।
এয়ারপোর্ট এপিবিএন জানায়, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুতল কার পার্কিংয়ের নিচতলার বহির্গেট এলাকায় ওই দুই ব্যক্তি সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে থাকেন।
পুলিশের উপস্থিতি টের পেয়েই তারা পালানোর চেষ্টা করলে এপিবিএনের সদস্যরা তাদের আটক করেন।
তাদের শরীর তল্লাশি করে সর্বমোট ৪৭৫.৬ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়। উদ্ধার করা সব স্বর্ণালংকার ২১ ক্যারেটের বলে জানিয়েছে এপিবিএন।
পুলিশের বলছে, অজ্ঞাতনামা যাত্রীদের সাহায্যে পরস্পর যোগসাজশে অবৈধভাবে স্বর্ণ এনে সরকারকে রাজস্ব ফাঁকি দিয়ে নিজেদের হেফাজতে রাখার অভিযোগে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(বি)/২৫-ডি ধারায় মামলা করা হয়েছে।
