জাহাঙ্গীরনগর: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলে মাদক সেবনের ঘটনায় দুই নারী শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নওয়াব ফয়জুন্নেছা হলের ১১৬ নং কক্ষে মাদকদ্রব্য সংরক্ষণ এবং সেবনের ঘটনায় দুই নারী শিক্ষার্থীকে দুই বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
তাদের আবাসিক হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার এবং একজনের বিরুদ্ধে রাষ্ট্রীয় আইনে মামলা করার সুপারিশ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত সিন্ডিকেট সভা শেষে রেজিস্ট্রার এবিএম আজিজুর রহমান সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
যে দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে তাঁরা হলেন, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী তনুজা তিথি এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী সানজিদা আমীর ইনিসী।
নওয়াব ফয়জুন্নেছা হলের ১১৬ নম্বর কক্ষে মাদকদ্রব্য সংরক্ষণ ও সেবনের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল।
তদন্ত প্রতিবেদন অনুযায়ী, দুইজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮ ভঙ্গ করেছেন।
বিশ্ববিদ্যালয়ের উক্ত অধ্যাদেশ অনুযায়ী- ক্যাম্পাস, বিভাগ, ইনস্টিটিউট বা আবাসিক হলে দেশি-বিদেশি মাদকদ্রব্য সংরক্ষণ, সেবন কিংবা ব্যবসা সম্পূর্ণ নিষিদ্ধ।
জানা গিয়েছে , কক্ষে হঠাৎ করেই অভিযান চালায় হল প্রশাসন। অভিযানে সেই কক্ষটি থেকে বহু পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
