ঢাকা: রাজধানীর পুরান ঢাকার চকবাজারে মনসুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
রাজধানীর চকবাজারের ছোট কাটারায় মনজুর খান প্লাজায় লাগা আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম।
সোমবার (১২ অক্টোবর) রাতে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।
ডিএসসিসি প্রশাসক জানান, ফায়ার সার্ভিস কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তিনি জেনেছেন যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে এবং সময়মতো যথাযথ ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন ফায়ার সার্ভিসের দুই কর্মী।
অসুস্থ হওয়া দুজন হলেন জিল্লুর রহমান (৪০) ও নজরুল ইসলাম (৫০)। বর্তমানে তাঁরা চিকিৎসা নিচ্ছেন।
বিকেল ৫টা ২ মিনিটে মনসুর খান প্লাজায় আগুন লাগে। ফায়ার সার্ভিস ৫টা ৪ মিনিটে আগুনের খবর পায় এবং ৫টা ২২ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে যায়।
কিন্তু তাতে কিছুই হয় না। আগুনের ভয়াবহতা বাড়তে থাকে। একে একে ১০টি ইউনিট কাজ শুরু করে। এর সঙ্গে একটি স্পেশাল রেসপন্স টিম ও একটি লাইটিং ইউনিট যুক্ত হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
এদিকে, পুরান ঢাকার চকবাজারের অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাত ১০:৩০ ঘটিকায় দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালাম।
তিনি ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয়দের সাথে কথা বলে তাদের সমবেদনা জানান।
অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রশাসক জানান, আগুন লাগার প্রকৃত কারণ তদন্তের পর জানা যাবে। ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের নেতৃত্বে তদন্ত ও সার্বিক কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত শেষে এই বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।
