ঢাকা: সড়ক দুর্ঘটনায় প্রায় প্রতিদিন মৃত্যু আছেই।
আজকেও মারা গেলেন দুইজন নারী। রাজধানীর শ্যামলীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।
শুক্রবার (১৬ অক্টোবর) ভোরে মোহাম্মদপুর থানার আওতাধীন শ্যামলী মোড় ওভারব্রিজের নিচে এই দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, ভোর সাড়ে ৫টার দিকে দুর্ঘটনাস্থলে এক নারীকে মৃত অবস্থায় পাওয়া যায়। ঐ ঘটনাতেই গুরুতর আহত হন মুক্তা (৪০) নামে আরেক নারী।
মোহাম্মদপুর থানা-পুলিশ তাঁকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় নিহত দুই নারীর মরদেহ বর্তমানে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাঁদের মৃত্যুর ঘটনায় প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কাজ চলছে।
জানা গেছে, আজ, ১৬ অক্টোবর শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে শ্যামলী মোড় ওভারব্রিজের নিচে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি অজ্ঞাত যানবাহনের ধাক্কায় ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।
বাকি বিস্তারিত এখনো জানা যায়নি।
