ঢাকা: ডোনাল্ড ট্রাম্পের কোরবানি হলো না। চলে গেলো চিড়িয়াখানায়।
রাজধানীর জাতীয় চিড়িয়াখানায় জায়গা হয়েছে আলোচিত অ্যালবিনো জাতের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্পের’।
কোরবানির পশুর হাটে লাল লাল চেহারা ও মাথার সোনালি চুলের কারণে ভাইরাল হওয়া মহিষটির নাম রাখা হয় ডোনাল্ড ট্রাম্প। জনগণ বলছে দেখতে অবিকল সেই ডোনাল্ড ট্রাম্পের মতোই সে।
তবে শেষ পর্যন্ত তার কোরবানি হলো না।এখন দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্র হতে যাচ্ছে।
মহিষটির মুখমণ্ডল ও চুলের ধরন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিল থাকায় এর মালিক আদর করে নাম রাখেন ‘ডোনাল্ড ট্রাম্প’। গরু মহিষের এমন নাম রাখার চল অনেক দিনের।
নারায়ণগঞ্জের একটি পশুর হাট থেকে প্রথম আলোচনায় আসে মহিষটি।
বিরল প্রজাতির এই মহিষ দেশে দ্বিতীয়টি নেই— এমন তথ্য সরকারের নজরে আসার পর কোরবানি স্থগিত করা হয়। পরে প্রাণিসম্পদ মন্ত্রণালয় মালিকের কাছ থেকে মহিষটিকে নিয়ে জাতীয় চিড়িয়াখানায় স্থান দেয়।
চিড়িয়াখানার সেড নম্বর ৭-এ গয়াল, মায়া হরিণ ও চিতাবাঘের পাশের অংশে রাখা হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে।
ঈদুল আজহার দিন থেকেই দর্শনার্থীরা এটি দেখতে পারবেন।
মহিষটির ওজন প্রায় ৭০০ কেজি।
