ঢাকা: আদ্-দ্বীন হাসপাতালে ছয় নাবজাতকের মৃত্যু দেশকে নাড়িয়ে দিয়েছে। যে শিশুগুলো মারা গিয়েছে তাদের বয়স ১/২ দিন হবে।
অক্সিজেনের অভাব এবং চরম অবহেলার কারণে ছয় নবজাতকের মৃত্যু হয়েছে বলে জাতীয় সংসদে উল্লেখ করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
তিনি এই বিষয়ে বলেছেন, হাসপাতালটির লাইসেন্স স্থগিতের সিদ্ধান্ত হাসপাতাল বন্ধ করার জন্য নয়, বরং স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফিরিয়ে আনতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
আজ রবিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলের সমালোচনার জবাবে স্বাস্থ্যমন্ত্রী কথাগুলো বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ছয়টা শিশু যখন বাঁচার জন্য ছটফট করছিল, তখন সেখানে কোনো অক্সিজেন ছিল না। এসি বন্ধ, জানালা-দরজা বন্ধ। ১৬-১৭ জন মা কাঁদছিলেন, ছোটাছুটি করছিলেন; কিন্তু একজন চিকিৎসকও আসেননি। কার্বন ডাই-অক্সাইডের প্রভাবে বাচ্চাগুলো মৃত্যুর কোলে ঢলে পড়ে।’
বলেন, ‘অনেকেই বলেছেন, সেখানে ২০০-২৫০ টাকায় ডায়ালাইসিস হয়। সেটা সত্য। কিন্তু মাথাব্যথা হলে যেমন মাথা কেটে ফেলা যায় না, তেমনি যারা ভুল করেছে, তাদের জবাবদিহির আওতায় আনতে হবে। আমরা লাইসেন্স স্থগিত করেছি, হাসপাতাল বন্ধ করার সিদ্ধান্ত নিইনি।’
