‘রাষ্ট্রের সব ধর্ম বর্ণ জাতিগোষ্ঠী নির্বিশেষে সব নাগরিকের সমান অধিকার’-এমন শ্লোগান দেয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সেই ‘অধিকার কোথায়’?
রংধনু সমাজ-রাষ্ট্র গঠনের জন্য তো হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রীষ্টান-পাহাড় সমতলে বাস করা আদিবাসী বা ক্ষুদ্র জাতিসত্তার নাগরিকদের অধিকার নিশ্চিত, নিরাপত্তা নিশ্চিত ও মতপ্রকাশের অধিকারকেই নিশ্চিত করাকেই বোঝায়।কিন্তু তা কি আছে তারেক রহমানের বিএনপি সরকারের আমলে?
অথচ এরা ইলেকশনের আগে এসব সংখ্যালঘুদের ভোট পাওয়ার জন্য কত কিছুই না প্রতিশ্রুতি দিয়েছে। সে প্রতিশ্রুতিতে ভোট পেয়ে ইলেকশনে জিতে তা বেমালুম ভুলে গেছেন। বাংলাদেশের রাজনীতিতে এটাই স্বাভাবিক।
প্রতিশ্রুতি দিয়ে ভোট টানাই মুখ্য বিষয় এদের। ভোট শেষ তো প্রতিশ্রুতিও শেষ! পুলিশ-বিজিবিসহ অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর কড়া পাহাড়ায় শুধু পূজা ধুমধামের সাথে করতে দেয়ার মধ্যেই সেই সীমাবদ্ধ? আমাদের মুসলিমদের ওয়াহ-মাহফিল ঈদ উদযাপন করতে তো এত নিরাপত্তাবাহিনীর পাহারার দরকার হয়না। তাহলে অন্য ধর্মের নাগরিকদের জন্য কেন এত নিরাপত্তা লাগবে?
কোন ইসলামী চরমপন্থী সশস্ত্র জঙ্গীকেতো ভয় পাচ্ছেনা বিএনপি সরকার। সারাদেশেই অসংখ্য ইসলামী জঙ্গী ছড়িয়ে ছিটিয়ে আছে বহাল তবিয়তে। তারা নানা সময়ে রাষ্ট্রবিরোধী নানা কাজ করছে, হুমকি দিচ্ছে হিন্দুদেরকে, তাদের মন্দির ভেঙ্গে ফেরার।
এমনকি হিন্দুদেরকে কতল করার প্রকাশ্য ঘোষণা দিলেও তাদের বিরুদ্ধে কোন ধর্মীয় অবমাননা বা খুন করার প্রচেষ্টা বা উস্কানিরও কোন মামলা হয়নি। এসব যে হবেনা সে মোটামুটি আমার মত আরো অনেক মুসলমানরাই জানেন। কারণ এই বাংলাদেশটিকে একটি ইসলামী রাষ্ট্র হিসেবে অফিসিয়াল ঘোষণা দেয়াই বাকী। আর বাদবাকী সব রাষ্ট্রীয় আচার আচরণ সবই ইসলামী কায়দায় চলছে।
ইসলাম সংখ্যাগরিষ্ঠ হলেই কি দেশকে ইসলামী কায়দায় চালাতে হবে? মুসলিম অধ্যুষিত বৃহত্তম রাষ্ট্রতো ইন্দোনেশিয়া। কিন্তু সেই ইন্দোনেশিয়ার মুসলিম জনগোষ্ঠী কি আমাদের এই বাংলাদেশের মতো ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠীর ওপর হত্যা-নির্যাতন নিপীড়ন চালায়?
তাদের ঘরবাড়ি পুড়িয়ে দেয়? কথায় কথায় তাদেরকে মালাউন বলে গালি দেয়। তাদেরকে কি প্রকাশ্যে গাছে ঝুলিয়ে জীবন্ত পুড়িয়ে মেরে উল্লাস করা হয়। সেখানকার ইসলাম ধর্মাবলম্বীরা কি আমাদের দেশের মুসলমানদের মত উন্মত্ত আচরণ করেন ? এসবের উত্তর খুঁজতে খুব বেশি দূরে যেতে হবেনা। বা কাউকে জিজ্ঞেস করতে হবেনা।
আমি নিজে কয়েকবছর আগে ইন্দোনেশিয়া ঘুরে এসেছি। সেখানকার সবশ্রেণীর-সব ধর্মের মানুষদের সাথে মেশার সুযোগ হয়েছে। কই সেখানেতো এমনতরো সংকীর্ণ ধর্মীয় মানসিকতা দেখিনি। ইন্দোনেশিয়ায় কোনো ধর্মরাষ্ট্র নয়, বরং এটি ‘পঞ্চশীলা’ নামক পাঁচটি মূলনীতির ওপর প্রতিষ্ঠিত।
দেশটির সংবিধানে ইসলামের পাশাপাশি হিন্দু, বৌদ্ধ, প্রোটেস্ট্যান্ট, ক্যাথলিক এবং কনফুসিয়ানিজম—এই ৬টি ধর্মকে রাষ্ট্রীয়ভাবে সমান মর্যাদা দেওয়া হয়েছে।
সে দেশের নাগরিকরা স্বাধীনভাবে উপাসনালয় নির্মাণ, ধর্মীয় শিক্ষা এবং সরকারি উচ্চপদে চাকরি করার সুযোগ পান। বিশেষ করে বালি দ্বীপ হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চল, যেখানে স্থানীয় প্রশাসন হিন্দু রীতিনীতি মেনেই পরিচালিত হয়। ইন্দোনেশিয়ার প্রাচীন হিন্দু ও বৌদ্ধ পুরাকীর্তিগুলো অত্যন্ত যত্নসহকারে সংরক্ষিত এবং বিশ্ব পর্যটনের অন্যতম প্রধান আকর্ষণ। যার ফলে তারা এ খাতে প্রচুর আয় করে থাকে।
মধ্য জাভায় অবস্থিত বোরোবুদুর বিশ্বের বৃহত্তম বৌদ্ধ মন্দির। ইউনেস্কো ঘোষিত এই বিশ্ব ঐতিহ্যটি সরকারি তত্ত্বাবধানে চমৎকারভাবে সংরক্ষিত।এছাড়া প্রাম্বানান নামে এক বিশাল হিন্দু মন্দির কমপ্লেক্স (ত্রিমূর্তি—ব্রহ্মা, বিষ্ণু ও শিবের উদ্দেশ্যে নিবেদিত) যা ৯ম শতাব্দীতে নির্মিত হয়েছিল সেটিও সব নাগরিকদের কাছে সম্মানের। এটিও ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য এবং অত্যন্ত সুরক্ষিত অবস্থায় রয়েছে। প্রতি বছর এখানে রামায়ণ ব্যালে (নৃত্যনাট্য) মঞ্চস্থ হয়।
আপনারা অনেকেই হয়তো জানেন, ইন্দোনেশিয়ার জাতীয় পতাকাবাহী বিমান সংস্থার নাম ‘গারুদা ইন্দোনেশিয়া’ (Garuda Indonesia)। এটি হিন্দু পুরাণ অনুযায়ী ভগবান বিষ্ণুর বাহন পক্ষীরাজ ‘গরুড়’ (Garuda)-এর নামানুসারে এই বিমান সংস্থার নামকরণ করা হয়েছে। এমনকি ইন্দোনেশিয়ার জাতীয় প্রতীকও (Coat of Arms) হলো এই ‘গরুড়’।
ইতিহাস থেকে জানা যায় ত্রয়োদশ থেকে পঞ্চদশ শতাব্দীতে ইসলামের আগমনের আগে ইন্দোনেশিয়ায় শক্তিশালী হিন্দু ও বৌদ্ধ সাম্রাজ্য (যেমন: শ্রীবিজয় এবং মাজাপাহিত সাম্রাজ্য) শাসন করত। ইন্দোনেশিয়ার মানুষ ইসলাম গ্রহণ করলেও তাদের পূর্বপুরুষদের ইতিহাস ও ঐতিহ্যকে মুছে ফেলেনি, বরং নিজের ঐতিহ্য হিসেবে ধারণ করেছে।
ইন্দোনেশিয়ার ভাষা (বাহাসা ইন্দোনেশিয়া), সাহিত্য, নাম এবং শিল্পকলায় সংস্কৃত ও হিন্দু ঐতিহ্যের প্রবল প্রভাব রয়েছে। যেমন: দেশটির অনেক মুসলিম নাগরিকের নামেও রাম, সীতা, অর্জুন, লক্ষ্মণ বা দেবী শব্দগুলো দেখা যায়। দেশটির জাতীয় মূলমন্ত্র হলো “ভিন্নতা তুঙ্গাল ইকা” (Bhinneka Tunggal Ika), যা একটি প্রাচীন জাভানিজ (হিন্দু-বৌদ্ধ আমলের) কাব্য থেকে নেওয়া হয়েছে। এর অর্থ—”বৈচিত্র্যের মাঝে ঐক্য”।
এই দর্শনই তাদের ভিন্ন ধর্ম ও সংস্কৃতিকে সম্মান করতে শেখায়।
ইন্দোনেশিয়ার মত বিশ্বের বৃহত্তম মুসলিম রাষ্ট্রের এতসব উদাহরণ দিচ্ছি এজন্য যে, সেটিও মুসলিম রাষ্ট্র , আর আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ তা না হলেও আমরা অন্য ধর্মের নাগরিকদের প্রতি যে চরম বৈষম্য ও নিপীড়নমূলক আচরণ করি তাতে একজন মুসলিম বা ইসলামের অনুসারি হিসেবে নিজেই লজ্জিত বোধ করছি।
ইন্দোনেশিয়ার শিক্ষা-সংস্কৃতি সে দেশের মানুষের আচার ব্যবহার ও বিভিন্ন সম্প্রদায়ের প্রতি তাদের যে বিনম্র-সৌহার্দ্যপূর্ণ ও শ্রদ্ধাপূর্ণ আচরণ দেখেছি ও জেনেছি তা সত্যিই বিমোহিত করেছে আমাকে।
আর এসব বলছি এ কারণে যে, আমাদের কথিত ধর্মনিরপেক্ষ-অসাম্প্রদায়িক বাংলাদেশে আমরা এর ঠিক উল্টোটাই করছি। আমরা আমাদের দেশের একজন সনাতনী সংসারত্যাগী সাধু চিন্ময়ের ব্যাপারে কি করছি?

আমাদের নোবেলজয়ী ড.ইউনুস সরকার ও তার পরে তারেক রহমানের বিএনপি সরকারই বা কি আচরণ করছে এই সাধু চিন্ময়কে নিয়ে?
এসব যখন ভাবি তখন সত্যিই নিজের পরিচয় দিতে কুন্ঠিত হই। কারণ ইসলামকে আমরা শান্তির ধর্ম বলেই জানি।
কিন্তু এ কেমন শান্তি যেখানে একজন নিরীহ সংসারত্যাগী সাধুকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে গ্রেপ্তার করে কারাগারে নিক্ষেপ করা হয়েছে।
বিচারহীনতার মধ্য দিয়ে কাটছে তাঁর জীবন। নানাভাবে তাকে নিপীড়নের শিকার হতে হচ্ছে।
হঠাৎ করে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম কারাগার থেকে স্থানান্তর করে কেরানিগঞ্জ কারাগারে নেওয়া হয়েছে মধ্য নভেম্বরে। কিন্তু কেন এই কারাগার থেকে তাকে অন্যত্র রহস্যজনকভাবে সরিয়ে ফেলা হলো তার কোন সদুত্তর নেই সংশ্লিষ্ট কারা বা পুলিশের কাছে। তিনি এমনিতেই নানা অসুখে ভুগছেন।

সম্প্রতি তাঁর মমতাময়ী মা মারা গেছেন। তিনিও বেশ কিছুদিন অসুস্থ ছিলেন এবং তার মাকে একনজর দেখার জন্য প্যারোলে হলেও মুক্তির জন্য সরকারের কাছে বার বার অঅবেদন করেও কোন সাড়া পাননি। অবশেষে তার মা এ পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন।

তারপর আমাদের ‘রংধনু’ সমাজ-রাষ্ট্র গড়ার প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশাসন চিন্ময় প্রভুকে কয়েকঘন্টার জন্য প্যারোলে মৃত মাকে দেখার সুযোগ দিয়েছিল।
তার দেখভালের দায়িত্বে থাকা ব্যক্তিদের সাথে যোগাযোগ করা হলে তারাও জানিয়েছেন যে, ভোরবেলা কাউকে কিছু না জানিয়েই তাকে সরিয়ে নেওয়া হয়েছে এবং তার বর্তমান অবস্থান সম্পর্কে তারা নিশ্চিত নন।
সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, চিন্ময় প্রভুর সেবক রঙ্গ দাস যিনি তার জন্য তিনবেলা প্রসাদ রান্না করেন তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারেই রেখে দেওয়া হয়েছে। ফলে নতুন স্থানে চিন্ময় প্রভুর আহার ও প্রসাদ গ্রহণের ব্যবস্থা কী হবে, তা নিয়ে আমরা চিন্তিত।
এছাড়া কেরানীগঞ্জ কারাগারকে বর্তমানে এনএসআই ও ডিজিএফআই-এর টর্চার সেল হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং সেখানে উগ্রপন্থীদের মাধ্যমে আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষের বন্দিদের ওপর নির্যাতন চালানো হয়।

এমতাবস্থায় চিন্ময় প্রভুকে সেখানে নেওয়া হয়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।সেখানে তার জীবন চরম অনিশ্চয়তার মুখে পড়বে এবং তাকে বিষপ্রয়োগ বা কোনো বড় ক্ষতির সম্মুখীন করা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বর্তমান সরকারের এই পদক্ষেপের পেছনে গভীর কোনো উদ্দেশ্য লুকিয়ে থাকতে পারে বলে গভীর সন্দেহ করা হচ্ছে। যারা চিন্ময় প্রভুর বিষয়ে কথা বলতে বা প্রচার চালাতে নিষেধ করছেন, তারা মূলত বিষয়টিকে ধামাচাপা দিতে চান।
তাই মানবাধিকার সংগঠন ও মানবাধিকার নিয়ে কথা বলেন এমন ব্যক্তিত্বদের এ ব্যাপারে সোচ্চার হওয়া অত্যন্ত জরুরি। আশা করা যায় বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যমেও যথাযথভাবে উঠে আসবে।
তখন হয়তোবা সরকার বলবে তাকে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে বা তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাকে অন্য স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
বাহ! কত মহান আমাদের এই তারেক রহমানের সরকার! কত দয়ালু তিনি! তার দয়ার শেষ নাই!
২০২৪ সালের ৩১ অক্টোবর জাতীয় পতাকা অবমাননার অভিযোগে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানায় একটি রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়। চান্দগাঁওয়ের মোহরা ওয়ার্ড বিএনপির তৎকালীন সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে দায়ের করা ওই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনকে আসামি করা হয়।
এরই ধারাবাহিকতায় ২০২৪ সালের ২৫ নভেম্বর ঢাকার একটি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পরদিন ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। ওই আদেশের পর আদালত প্রাঙ্গণে তাঁর অনুসারীরা প্রিজন ভ্যান ঘিরে বিক্ষোভ শুরু করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
বিক্ষোভ চলাকালে আদালত সড়কে বেশ কিছু মোটরসাইকেল ও যানবাহন ভাঙচুর করা হয় এবং আইনজীবী ও আদালত কর্মচারীদের সঙ্গে বিক্ষোভকারীদের পাল্টাপাল্টি ধাওয়া ও হামলার ঘটনা ঘটে।
একপর্যায়ে রঙ্গম কনভেনশন হল সড়কে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ গুরুতর আহত হওয়ার জামায়াতে ইসলামীর লোকজন তাকে হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল থেকে চিকিৎসকরা জানিয়েছেন পথিমধ্যেই আলিফ মারা গেছেন।
তারমানে ওই গাড়িতে করে নেয়ার সময়ই তার প্রাণটি কেড়ে নিয়েছেন জামায়াতের ক্যাডাররা। কারণ আহত হওয়ার পর তাকে যে সিএনজি অটোরিক্সায় তোলা হয়েছিল তখন তাকে হাঁটিয়েই তোলা হয়েছিল এবং তিনি অতটা আহত ছিলেন না মারা যাওয়ার মতো।
কিন্তু জামায়াতে ইসলামী তাদের লোককে মেরে হলেও পরিস্থিতি ঘোলাটে করে তুলতে চেয়েছে। মূলত তারা হিন্দুদের প্রতিবাদী আন্দোলনকে দমানোর জন্য একটি নীলনকশা করেছিল। আর সেটির কোরবানী হলো – আইনজীবী আলিফ।
আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় ২০২৪ সালের ২৯ নভেম্বর তাঁর বাবা জামাল উদ্দিন বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। মামলায় ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ১৬ জনকে আসামি করা হয়।
দীর্ঘ তদন্ত শেষে ২০২৫ সালের ১ জুলাই চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি) মাহফুজুর রহমান ৩৮ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন, যেখানে চিন্ময় কৃষ্ণ দাসকে প্রধান আসামি হিসেবে উল্লেখ করা হয়।
তদন্ত কর্মকর্তার ভাষ্যমতে, জামিন নামঞ্জুর হওয়ার পর আদালত প্রাঙ্গণে চিন্ময়ের দেওয়া উসকানিমূলক বক্তব্যের জের ধরেই অন্য আসামিরা উত্তেজিত হয়ে আইনজীবীর ওপর প্রাণঘাতী হামলা চালান।

রাষ্ট্রপক্ষের অভিযোগ, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যেই সেদিন এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। চলতি বছরের ৭ জানুয়ারি মামলাটি বিচারের জন্য চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয় এবং ১৯ জানুয়ারি চিন্ময় কৃষ্ণ দাসসহ ৩৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হয়।
আদালত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে বর্তমানে মোট ছয়টি ফৌজদারি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন এবং রাষ্ট্রদ্রোহ মামলায় তাঁর জামিন স্থগিত রয়েছে। বাকি চারটি মামলার মধ্যে দুটিতে গত ৬ সেপ্টেম্বর হাইকোর্টের আদেশে তিনি জামিন পেলেও অন্যান্য মামলায় গ্রেপ্তার থাকায় তাঁর কারামুক্তি মেলেনি।
আচ্ছা একজন ব্যক্তি আদালতের সামনে পুলিশের ভ্যানে পুলিশ পাহারায় থাকা অবস্থায় কি করে আধা কিলোমিটার দূরে একজন ব্যক্তিকে হত্যা করতে পারে তা আমার কেন অন্য কারো মাথাতেই আসেনা। কিন্তু হিন্দু সাধু চিন্ময়কে সেই হত্যাকান্ডের অন্যতম আসামী করা হয়েছে।
কতই বিচিত্র আমাদের এই দেশ! আমাদের এই সমাজ! সেটাই ভাবছি।
# নুরুল ইসলাম আনসারি: লেখক, প্রাবন্ধিক।
