যে যাই বলুক বাংলাদেশের রাজনীতির মূল আলোচনার বিষয় কিন্তু এখন শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে। এটি অস্বীকার করার কোন উপায় নেই যে, মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারি দল আওয়ামীলীগকে যতই নিষিদ্ধ আর দলটির নেতাকর্মীদের যতই খুন-অত্যাচার-নির্যাতন নিপীড়ন আর কারারুদ্ধ করা হোকনা কেন তা কিন্তু সামাল দিতে পারছেনা সরকার।
তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের মন্ত্রী এমপি, জামায়াতে ইসলামী ও এনসিপির নেতারা যতই হম্বিতম্বি করুক তা কিন্তু হালে পানি পাচ্ছেনা।
দেশে ফিরতে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনাকে যতই সরকার বাঁধা ও নানা তালবাহানা করছে ততই কিন্তু তার প্রতি সাধারণ মানুষের সহানুভূতি ও সমর্থন বাড়ছে।
এই যে জনসমর্থন বাড়ছে তাতে কিন্তু প্রচণ্ড ভীতি কাজ করছে আওয়ামী ও শেখ হাসিনা বিরোধী শিবিরে। এক্ষেত্রে বেশ কিছু বিষয় কাজ করছে। দেশের অভ্যন্তরে আওয়ামী নেতাকর্মীদের নানামুখী আন্দোলন যেমন বাড়ছে তেমনি বিদেশী সহানুভূতিও বাড়ছে তাদের প্রতি।
সেইসাথে তারেক রহমান সরকারের ওপরও একধরনের চাপ তেরী হচ্ছে। প্রতিবেশি দেশ ভারতকে ডিঙ্গিয়ে সাধারণত বিশ্বের বড় বড় মোড়লরাও কিন্তু খুব একটা বড় সিদ্ধান্ত নেন না। কারণ সাম্প্রতিককালের ভারত আর ২০ থেকে ৩০ বছর আগের ভারত এক নয়।
এরই মধ্যে আমেরিকা, রাশিয়া, ইউকেসহ কয়েকজন বিদেশী কূটনীতিকের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠকগুলো নানা বিষয়ের ইঙ্গিত দেয়। তাদের সেই বৈঠকে সিদ্ধান্ত কি হয়েছে তা জানা না গেলেও সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার বিষয়ে গুরুত্বপূর্ণ আলাপ হয়েছে বলেই জানা গেছে।
মূলত বাঁধাহীনভাবে দেশে ফেরা, সঠিক আইনী প্রক্রিয়ায় তার বিরুদ্ধে আনীত অভিযোগগুলোর ন্যায্য বিচার ও আওয়ামীলীগের ওপর থেকে রাজনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেয়ার ব্যাপারেও তারা তাঁদের আলাপে জোর দিয়েছেন।

অপরদিকে জাতিসংঘও তার অবস্থান থেকে কিছুটা সরে এসে অংশগ্রহণমূলক রাজনীতি চায় বাংলাদেশে এমনটাই তাদের বিবৃতিতে এসেছে।
গত ১২ নভেম্বর ২০২৬ তারিখে ঢাকার কূটনৈতিক পাড়ায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন সকালে বারিধারায় ভারতীয় হাইকমিশনে গিয়ে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

মার্কিন দূতাবাস এবং কূটনৈতিক সূত্র বৈঠকের বিষয়টি নিশ্চিত করলেও আলোচনার বিষয়বস্তু সম্পর্কে কোনো তথ্য জানায়নি।
কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে-জানা এরই মধ্যে গত ১২ নভেম্বর দীনেশ ত্রিবেদী মোট চারটি বৈঠক করেন। এর মধ্যে মার্কিন রাষ্ট্রদূত ছাড়াও রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিনের সঙ্গে তাঁর বৈঠক হয়।
এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা ও তাঁর নিরাপত্তা নিয়ে যুক্তরাজ্যের ৭ জন বর্তমান ও সাবেক রাজনীতিক (যার মধ্যে ব্রিটিশ পার্লামেন্টের ৩ জন এমপি, স্কটিশ পার্লামেন্টের ৩ জন সদস্য এবং ইউরোপীয় পার্লামেন্টের ১ জন সাবেক সদস্য রয়েছেন) যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডকে একটি যৌথ চিঠি ও বিবৃতি দিয়েছেন।
সূত্র অনুযায়ী গত ২৭ অক্টোবর পাঠানো এই চিঠিতে স্বাক্ষরকারী ৭ জন রাজনীতিক হলেন:
ব্রিটিশ হাউস অব কমন্সের ৩ জন এমপি: কনজারভেটিভ পার্টির বব ব্ল্যাকম্যান, ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টির (DUP) জিম শ্যানন এবং স্কটিশ ন্যাশনাল পার্টির (SNP) সিমাস লোগান।
স্কটিশ পার্লামেন্টের ৩ জন সদস্য (MSP): মার্টিন ডে, পল ম্যাকলেনান এবং অ্যালান ব্রাউন।
ইউরোপীয় পার্লামেন্টের ১ জন সাবেক সদস্য (MEP): ড. চার্লস ট্যানক।
ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যানের প্রকাশিত নিবন্ধ ও পররাষ্ট্রমন্ত্রীকে দেওয়া ওই চিঠিতে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘিরে মূলত ৪টি প্রধান দাবি ও উদ্বেগ জানানো হয়েছে।
তা হলো-
১) মৃত্যুদণ্ড কার্যকর না করার লিখিত নিশ্চয়তা: শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হবে না—এমন স্পষ্ট ও আইনগতভাবে বাধ্যতামূলক লিখিত প্রতিশ্রুতি আদায়ে বাংলাদেশ সরকারের সঙ্গে যুক্তরাজ্যকে কূটনৈতিক উদ্যোগ নিতে বলা হয়েছে। পাশাপাশি দেশে ফেরা, যাতায়াত, আদালতে হাজিরা এবং আটক অবস্থায় তাঁকে যেন কোনো ধরনের নির্যাতন, গুম বা শারীরিক আক্রমণের শিকার হতে না হয়, তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
২) ন্যায়বিচার ও পছন্দের আইনজীবী নিয়োগের সুযোগ: অনুপস্থিতিতে হওয়া বিচার ও মৃত্যুদণ্ডের রায় নিয়ে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগের কথা উল্লেখ করে তাঁরা বলেছেন, ফৌজদারি বিচারব্যবস্থাকে যেন রাজনৈতিক প্রতিশোধের হাতিয়ার হিসেবে ব্যবহার করা না হয়। শেখ হাসিনাকে তাঁর পছন্দের আইনজীবী নিয়োগের মাধ্যমে রায় চ্যালেঞ্জ করার এবং আত্মপক্ষ সমর্থনের পূর্ণ সুযোগ দেওয়ার দাবি জানানো হয়েছে।
৩)জাতিসংঘের তত্ত্বাবধানে স্বাধীন তদন্ত ও পর্যবেক্ষণ: বিচারপ্রক্রিয়ায় রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ এবং অমীমাংসিত প্রমাণগুলো যাচাইয়ের জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তর (OHCHR)-কে যুক্ত করে একটি স্বাধীন আন্তর্জাতিক পর্যবেক্ষণ ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।
৪) রাজনৈতিক সমঝোতা ও মধ্যস্থতা: কমনওয়েলথভুক্ত দেশ হিসেবে বাংলাদেশে রাজনৈতিক প্রতিহিংসা বন্ধ করে সব পক্ষের অংশগ্রহণে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সমঝোতা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে যুক্তরাজ্যকে নেতৃত্ব দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
সুতরাং এসব রাজনৈতিক ও কূটনৈতিক উদ্যোগকে কোনভাবেই পাশ কাটানোর সুযোগ নেই বাংলাদেশের রাজনীতিতে। আবার অতি সম্প্রতি প্রদানমন্ত্রী তারেক রহমানের তথ্য বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান সাংবাদিকেদের জানিয়েছেন, আওয়ামীরীগের যেসব নেতার বিরুদ্ধে কোন গ্রেপ্তারি পরোয়ানা, খুনের মামলা নেই তারা বিভিণ্ন সভা সমাবেশে বক্তব্য রাখতে পারবেন, তবে তা কোনভাবেই আওয়ামীলীগ বা তার অংগসংগঠন বা সহযোগী সংগঠনের ব্যানারে করা যাবেনা।
এক্ষেত্রে মনে হচ্ছে বিএনপি সরকারও ধীরে ধীরে কিছুটা ছাড় দিয়ে নিজেদেরকে গনতান্ত্রিক হিসেবে পরিচিতি দিতে চায়।
পাশাপাশি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ১ অক্টোবর বঙ্গভবনে এম.বি.এ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ম্যাব) একটি প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাজনৈতিক প্রতিহিংসা, সহিংস প্রতিশোধ, দমনপীড়ন এবং রাজনৈতিক প্রতিহিংসা, সহিংস প্রতিশোধ, দমনপীড়ন এবং মামলার মাধ্যমে হয়রানি বন্ধের জন্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ‘রাজনৈতিক সমঝোতা ছাড়া দেশ সঠিকভাবে এগোতে পারে না।’ তার এই বক্তব্য কাদের সঙ্গে সমঝোতার ইঙ্গিত দিচ্ছে সেটিও এখনকার সংকটকালীন রাজনীতিতে ভেবে দেখার প্রয়োজন আছে।
বিএনপি দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানেরও নিজস্ব কিছু বোঝা রয়েছে। এক্ষেত্রে আমেরিকানদের শুধু তাদের কূটনৈতিক আর্কাইভ দেখলেই চলবে।
উইকিলিকস কর্তৃক প্রকাশিত ২০০৮ সালের একটি তারবার্তায় তারেক রহমানকে ‘বাংলাদেশে দুর্নীতিগ্রস্ত সরকার ও সহিংস রাজনীতির প্রতীক’ হিসেবে বর্ণনা করা হয়েছে। এটি ছিল মার্কিন দূতাবাসের মূল্যায়ন, যাতে কোনও বিচারিক রায়ের পরিবর্তে অভিযোগ অন্তর্ভুক্ত ছিল। সেই ‘সহিংস রাজনীতির প্রতীক’ ই কিন্তু এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী। সুতরাং তারেক রহমানও নিশ্চয় খুব বেশি স্বস্তিতে নেই নিজেকে নিয়ে।
ফলে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুধু জাতিসংঘ অফিস ও তার হোটেলের মধ্যেই সীমাবন্ধ থাকতে হয়েছে।তার সফরও অনেক সংক্ষিপ্ত করতে হয়েছে। এতে করে বুঝতে কষ্ট হয়না যে, তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে যুক্তরাষ্ট্র মেনে নিয়েছে তাদের স্বার্থ উদ্ধারের জন্য, তাকে কোনভাবেই একেবারে নিজেদের লোক হিসেবে মেনে নিতে পারেনি।
আমেরিকা, ব্রিটেন, রাশিয়া ও ভারতসহ অন্য প্রভাবশালী রাষ্ট্রগুলোর নানামুখী চাপও কিন্তু সামলাতে কষ্ট হচ্ছে এখনকার প্রধানমন্ত্রী ও তার সরকারকে। তাই তাঁর সরকারকে এখন দেখাতে হবে যে, সংস্কার মানে শুধু ক্ষমতা গ্রহণ করা আর নেতার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করাই নয়।
পুলিশ স্বাধীনভাবে কাজ করতে পারছে কিনা এবং বিচারালয়েও বিচারকদের ন্যায়বিচারের পক্ষে কাজ করার স্বাধীনতা রয়েছে কিনা তাও দেখার বিষয় রয়েছে। কারণ বিশ্বের মানবাধিকার সংগঠনগুলোও এদিকে নজর রাখছে।
এএফপি মনে করে, ‘‘তার (শেখ হাসিনা) এই অনমনীয় মনোভাব হয়তো মৃত্যু-ঝুঁকি নেওয়ার ইচ্ছা নয়, বরং রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক থাকার, সমর্থকদের আনুগত্য বজায় রাখার এবং এমন একটি দলকে বাঁচিয়ে রাখার প্রচেষ্টা, যে দল একসময় বাংলাদেশে আধিপত্য বিস্তার করলেও এখন নিষিদ্ধ৷”
এদিকে গত ১২ নভেম্বর বিবিসি বাংলার সূত্রে জানা গেছে , দিল্লিতে দেশটির সরকারি কর্মকর্তারা বিবিসিকে আভাস দিয়েছেন, শেখ হাসিনার বাংলাদেশে ফেরার জন্য ভারতের প্রধান শর্ত মূলত দুটো।
প্রথমত: , শেখ হাসিনাকে ভারতে পাঠানো হয়েছিল বাংলাদেশ মিলিটারির সামরিক এয়ারক্র্যাফটে – তাকে ফিরিয়ে নিতে হলে সেই কাজটাও বাংলাদেশ সেনাবাহিনীকেই করতে হবে।
সেই প্রক্রিয়াটা আকাশপথেও হতে পারে, কিংবা স্থলপথে। মানে বাংলাদেশ একটি সামরিক বিমান পাঠিয়ে তাকে দিল্লি থেকে নিয়ে যেতে পারে, আবার স্থল সীমান্তের কোনও পয়েন্টে এসেও সে দেশের সেনাবাহিনী তাকে গ্রহণ করতে পারে। এর জন্য দিল্লির তরফে যে ধরনের ‘লজিস্টিকাল’ প্রস্তুতি বা আয়োজন দরকার, ভারত সেটা করার জন্যও তৈরি আছে।
দ্বিতীয় শর্তটা হল, শেখ হাসিনা যাতে তার মৃত্যুদন্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ পান এবং জুলাই গণহত্যার অভিযোগে তার বিচার নতুন করে শুরু করা হয় –
বাংলাদেশকে সেই নিশ্চয়তা দিতে হবে। তবে এই দাবিটা যাতে বাংলাদেশের নিজস্ব বিচার ব্যবস্থায় বিদেশি রাষ্ট্রের হস্তক্ষেপ হিসেবে দেখা না হয়, সে ব্যাপারেও ভারত অতি মাত্রায় সতর্ক থাকতে চাইছে এবং প্রকাশ্যে এ নিয়ে কোনও মন্তব্যও করছে না।
দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার কথায়, “আমরা কখনোই জেনেবুঝে তাকে ফাঁসিতে ঝোলানোর জন্য এগিয়ে দিতে পারি না। বরং তিনি যাতে নতুন করে সুষ্ঠু বিচারের সুযোগ পান, সেটাই নিশ্চিত করতে চাইব।”
সেই বিচার যাতে আন্তর্জাতিক বিশ্বের ও গ্লোবাল মিডিয়ার নজরদারিতে হয়, সেটাও ভারত নিশ্চিত করতে চাইবে বলে তিনি জানাচ্ছেন। এই দুটো শর্ত পূরণ করে শেখ হাসিনার দেশে ফেরার পথ যাতে প্রশস্ত করা যায়, সেই লক্ষ্যে দিল্লি বেশ কয়েক মাস ধরেই ঢাকার সঙ্গে পর্দার আড়ালে আলোচনাও চালাচ্ছে।
আগামী ডিসেম্বর মাসে দেশে ফেরার ঘোষণা এবং পাসপোর্ট সংক্রান্ত আবেদনের পর শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে নতুন করে রাজনৈতিক ও আইনি আলোচনা শুরু হয়েছে।
গত ৯ নভেম্বর লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান Matrix Chambers দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে ইমেইল পাঠিয়ে শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যুর অনুরোধ জানায়। চিঠিতে উল্লেখ করা হয়, অন্তর্বর্তী সরকারের সময় তাঁর আগের পাসপোর্ট ও এনআইডি বাতিল করা হয়েছিল।
দিল্লির বাংলাদেশ হাইকমিশন আবেদনটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট দেওয়ার কোনো সুযোগ নেই এবং বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় আইনি প্রক্রিয়ার মাধ্যমেই তাঁকে দেশে ফিরতে হবে। অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, আবেদনটির সত্যতা এবং আইনি বৈধতা যাচাই করা হচ্ছে।
তবে কয়েকটি সূত্রমতে, দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান স্বাভাবিক সম্পর্ক বজায় রেখে শেখ হাসিনার দেশে ফেরার প্রক্রিয়ায় কাজে লাগাতে চায় ভারত। সামরিক সূত্রটির ভাষ্য অনুযায়ী, বাংলাদেশে ফিরে শেখ হাসিনার নিরাপত্তা যেন ঝুঁকির মুখে না পড়ে, সেটিও নিশ্চিত করতে চায় দিল্লি। কারণ তাঁর নিরাপত্তার বিষয়টি এখন ভারতের দায়িত্বের মধ্যেই পড়েছে বলে মনে করছে দেশটি।
এ কারণে দেশে ফেরার পর শেখ হাসিনার নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশের সেনাবাহিনী গ্রহণ করুক, এমন প্রত্যাশাও রয়েছে ভারতের। তবে সেটি কতটা ফলপ্রসু হবে তাই এখন দেখার বিষয়।
শেখ হাসিনা ডিসেম্বরেই দেশে ফিরতে পারবেন কি না, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে ভারতের ধারণা, তাঁর প্রত্যাবর্তনের ক্ষেত্রে বড় বাধা বাংলাদেশের অবস্থান।
দিল্লির স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত কর্মকর্তাদের মতে, বাংলাদেশ সরকার প্রকাশ্যে শেখ হাসিনাকে ফেরত চাইলেও বাস্তবে তাঁর দেশে ফেরা চায় না। তাঁদের ধারণা, জ্বালানি খাতের সংকট থেকে শুরু করে প্রশাসনিকসহ বিদ্যমান নানা সমস্যার মধ্যে থাকা বাংলাদেশ সরকার শেখ হাসিনার প্রত্যাবর্তনে নতুন করে রাজনৈতিক অস্থিরতা তৈরির আশঙ্কা করছে।
এছাড়া শেখ হাসিনার দেশে ফেরার সঙ্গে বেশ কয়েকটি শর্ত ও জটিলতা জড়িত। সব বিষয় আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে সমাধান হয়ে যাবে, এমন সম্ভাবনা খুব বেশি দেখছে না দিল্লি। তাই ঘটনাপ্রবাহে বড় কোনো পরিবর্তন না এলে ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা কতটুকু তা নিশ্চিত করে বলা যাচ্ছেনা।
তবে বিভিন্ন কূটনৈতিক প্রেশার-তদবির ইত্যাদির পাশাপাশি আওয়ামীলীগ দেশের ভেতরেও নানা আন্দোলন সংগ্রামের মাধ্যমে সরকার ও সরকারি প্রশাসনকে ব্যতিব্যস্ত রাখার কৌশল নিয়েছে। নীচে তাদের ঘোষিত কর্মসূচী তুলে ধরা হলো।

দেশ বাঁচাতে মানুষ বাঁচাতে ঘোষিত ৮-দফা গণদাবি বাস্তবায়ন এবং আগামী ডিসেম্বরে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের প্রেক্ষিতে আগামী ১৪ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী দেশ ও বিদেশে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করছে বাংলাদেশ আওয়ামী লীগ।
তারিখ ও বারঘোষিত কর্মসূচি
১৪ নভেম্বর
(শনিবার) সারাদেশে ৮-দফা দাবিনামা সম্বলিত লিফলেট বিতরণ, দেয়াল লিখন, প্রচারণা ও ব্যাপক গণসংযোগ পরিচালনা।
১৫ নভেম্বর
(রবিবার) সকল সাংগঠনিক ইউনিটে ৮-দফা দাবির সমর্থনে গণপ্রতিবাদ ও বিক্ষোভ মিছিলের আয়োজন।
১৬ নভেম্বর
(সোমবার) দেশের সকল জেলা শাখার উদ্যোগে নিজ নিজ জেলা প্রশাসকের কার্যালয়ে এবং কেন্দ্রীয়ভাবে ঢাকাস্থ সকল বিদেশি দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থার কার্যালয়ে ৮-দফা দাবি সম্বলিত স্মারকলিপি পেশ করা হবে। একই দিনে দলের প্রবাসী শাখাসমূহের উদ্যোগে বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস, হাইকমিশন, কনস্যুলেট এবং আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তরে স্মারকলিপি পেশ।
১৭ নভেম্বর
(মঙ্গলবার)২০২৫ সালের এই দিনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত সাজানো রায়ের প্রতিবাদ এবং উক্ত রায় ও ট্রাইব্যুনাল বাতিলের দাবিতে ‘কালো দিবস’ হিসেবে সারাদেশে দিনব্যাপী ‘কালো ব্যাজ ধারণ, দলীয় কার্যালয় ও নির্ধারিত স্থানে কালো পতাকা উত্তোলন এবং বিক্ষোভ’ কর্মসূচি পালন।
১৯ নভেম্বর
(বৃহস্পতিবার) ৮-দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশে সর্বাত্মক ‘সকাল-সন্ধ্যা লকডাউন’ কর্মসূচি পালন।
## রাকীব হুসেইন: লেখক, প্রাবন্ধিক।
