আমাদের জাতীয় সংসদে মন্ত্রী ও সংসদ সদস্যদের কর্মকাণ্ড ও আচার ব্যবহার দেখে অনেক সময় ভাবি – এটি কি আসলেই সংসদ নাকি ক্লাব? ক্লাবে বসে যে ধরনের আড্ডা-হাস্যরস-রসিকতাসহ নানা ধরনের কর্মকাণ্ড হয় তো আমাদের বাংলাদেশের সংসদেও তেমনটিই হচ্ছে।

এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ও টিভির বদৌলতে বেশ মজার একটি ভিডিও দেখলাম। এসব দেখে হাসবো, না কাঁদবো, বুঝতে পারলাম না। আমাদের তথাকথিত মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে এক মাননীয় সাংসদ ও ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন আল্লাহর দরবারে করুণা ভিক্ষা করছেন। প্রার্থনা, আল্লাহ যেন শেখ হাসিনার প্রত্যাবর্তনের আজাব থেকে তাঁদের রক্ষা করেন!

এই ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য এবং ২০২৬ সালের ২১ আগস্ট প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তিনি ৯ নভেম্বর জাতীয় সংসদে দাঁড়িয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং ফ্যাসিবাদ পুনর্বাসনের অপচেষ্টা প্রতিহত করার তৌফিক চেয়ে মোনাজাত করেন।

আর তার সেই মোনাজাতে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ পুরো সংসদের মাননীয় সদস্যগন অঅকুল ফরিয়াদ জানিয়েছেন মহান আল্লাহতালার দরবারে।

মোনাজাতে তিনি বলেন, “রাব্বুল আলামিন, এই সংসদে আপনি আমাদেরকে তৌফিক দিয়েছেন ফ্যাসিস্টকে বিতাড়িত করার জন্য। আপনি দয়া করে আমাদেরকে তৌফিক দান করুন, যাতে সেই ফ্যাসিস্টকে ফিরিয়ে আনার কোনো প্রেক্ষাপট তৈরি করার চেষ্টা কেউ যদি করে, তাকে যাতে আমরা প্রতিহত করতে পারি”।

আসলে বিপদের মাত্রা কতখানি হলে মানুষ সংসদে দাঁড়িয়ে এমন ফরিয়াদ বা করুনা ভিক্ষা করতে পারে, তা ভেবে পাইনা। তবে সাংসদ মহোদয়ের প্রার্থনায় আমার বিশেষ আস্থা জন্মায়নি। কারণ, এরা আল্লাহর ওপর ভরসা করে বসে থাকার মানুষ নন। আল্লাহ যে কারও বাপের তালুক নন, সে খবর নিশ্চয়ই তাঁদের অজানা নয়।

কাজেই সংসদে দাঁড়িয়ে এই যে আকাশের দিকে হাত তোলা, একে ধর্মীয় প্রার্থনা না বলে রাজনৈতিক অভিনয় বলাই বোধহয় অধিক সংগত। ধর্ম এঁদের কাছে বিশ্বাসের বিষয় যতটা, ব্যবসার বিষয় তার চেয়ে অনেক বেশি। ব্যবসায়িক প্রয়োজনে ধর্মের ব্যবহার তাঁরা বেশ ভালোই জানেন।

শেখ হাসিনা যাতে দেশে ফিরতে না পারেন, তার জন্য এঁরা যে সামর্থ্যের শেষ বিন্দুটুকুও ব্যয় করবেন, তাতে আমার সন্দেহ নেই। গায়ের জোরে তাঁর পাসপোর্টের আবেদনও প্রত্যাখ্যান করার ঘোষণা দিয়েছেন ইতিমধ্যে।

মুখে গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার ইত্যাদি যতই আওড়ান, শেখ হাসিনার প্রত্যাবর্তন এদের কারও কাম্য নয়।
কারণ শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ এদের কাছে অনেকটা আজরাইলের মতো। আজরাইলকে সামনে দেখতে কে আর বিশেষ আগ্রহী হয়?

বিশেষত, যখন আজরাইলের আগমনে নিজের প্রাণের পাশাপাশি এত দিনের সাজানো ব্যবসাটিও বিপন্ন হওয়ার আশঙ্কা থাকে! শুধু কি তাই?

শেখ হাসিনা দেশের বাইরে থাকলে দেশটিকে ইচ্ছেমতো চর্ব্যচোষ্যলেহ্যপেয় করে তোলার সুযোগ তো আছেই। পাহারাদার নেই, জবাবদিহি নেই, বাধা দেওয়ার লোক নেই। এমন সুখের সংসারে পুরোনো গৃহকর্ত্রীর প্রত্যাবর্তন কেউ কি সানন্দে মেনে নেবেন?

এই ডিসেম্বরে দেশে ফেরার গুঞ্জনের প্রশ্নে যে রাজনীতি চলছে, সেখানে রাজনীতির মাঠে শেখ হাসিনা অনেকটাই এগিয়ে আছেন। সাবেক অবৈধ ও এখনকার ইলেকটেড তারেক জিয়ার বিএনপি সরকার তাঁকে দেশে ফেরার অনুমতি না দিলেও তিনি কিন্তু দেশে ফেরার ঘোষনা দিয়েছেন অনেক আগেই।

অনেকেই মনে করছেন এই ঘোষণা দিয়ে তিনি রাজনীতির মাঠে কৌশলগতভাবে এগিয়ে আছেন নিঃসন্দেহে।

ওই ঘোষণার পর গত কয়েক মাস দেশের মিডিয়ায় (খানিকটা বিদেশের মিডিয়ায় বাংলাদশ প্রসঙ্গে) এক নম্বর চর্চার বিষয় ওটা। দুই নম্বর চালটি দিলেন শেখ হাসিনা বাংলাদেশ সরকারের কাছে তাঁর পাসপোর্ট ও এনআইডি দেয়ার আবেদন জানিয়ে।

আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স জানিয়েছে, লন্ডনের ম্যাট্রিক্স চেম্বার্সের মাধ্যমে শেখ হাসিনা তার পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন। দিল্লীর ভারপ্রাপ্ত হাইকমিশনারের কাছে তিনি এই আবেদন করেছেন। ডিসেম্বরে তার দেশে ফেরার গুঞ্জনের মধ্যে এটা একটা ইন্টারেস্টিং ডেভলপমেন্ট।

এর আগে আমেরিকান ডিপস্টেট ও মেটিকুলাস ডিজাইনে ‘ইসলামী জঙ্গী ও সেনা ক্যু’ এর মধ্য দিয়ে অবৈধভাবে ক্ষমতা দখলকারি কথিত নোবেল লরিয়েট ড. মুহাম্মদ ইউনূস সরকার তার নাগরিকত্ব সংক্রান্ত সব ডকুমেন্ট বাতিল করেছিল। রয়টার্স দাবি করেছে, তাদের সাথে হাসিনার কথা হয়েছে। হাসিনা তাদেরকে জানিয়েছেন, দেশে ফিরে আদালতে আত্মসমর্পন করতে চান তিনি।

এ নিয়ে সরকার পড়েছে বিপাকে। তারেক জিয়ার বিএনপি সরকারকে সঠিক বুদ্ধি দেয়ার মত কোন লোকই নাই। তাদের বালখিল্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেন এক কথা।

অপরদিকে স্বরাষ্ট্রমন্ত্রী মানে সালাউদ্দিন আহমদ মানে সেই শিলং সালাউদ্দিন বলেন আরেক কথা। আইনমন্ত্রী মো: আসাদুজ্জামান বলেন অন্য কথা। তার মানে এদের ভেতরে যে কোন সমন্বয় নেই তা বেশ বোঝা যাচ্ছে। সরকারের ভেতরে একটা প্রচন্ড অস্থিরতা কাজ করছে।

ওই যে ড. ইউনুস একসময় বলেছিলেন না চট্টগ্রামের একটি শব্দ “লডরফডর” , সেই লডরফডর অবস্থা চলছে এখন শেখ হাসিনা ইস্যুতে।

তবে বিএনপি সরকার ও তাদের সমমনা মানে শেখ হাসিনা বিরোধী ও আওয়ামীবিরোধী রাজনৈতিক শক্তির একটাই ভয় কোনভাবে যদি শেখ হাসিনা ও আওয়ামীলীগের নেতাকর্মীরা ঢুকে পড়তে পারেন দেশের মধ্যে তাদের রাজনৈতিক শক্তি সামর্থ্য ও জনসমর্থন নিয়ে তাহলে খবর আছে আওয়ামীবিরোধী পাকিপন্থীদের।

তারমানে বিএনপি-জামায়াত-এনসিপি ও সশস্র বাহিনীর বাংলাদেশ বিরোধী মানে পাকিপন্থী গ্রুপের যে অলরেডি ডিসেন্ট্রি শুরু হয়ে গেছে তা বেশ বোঝা যাচ্ছে। যার ফলে একেক নেতা-মন্ত্রী-পাতি-সিকি-আধুলি মন্ত্রী কত যে আবোল তাবোল বকা শুরু করেছে তা দেখলে হাসিও যেমন পায় তেমনি বুঝতে পারি এসব দলগুলোর রাজনৈতিক দেউলিয়াত্ব। এই দেউলিয়াপনা নিয়ে এরা নাকি সরকার ও রাষ্ট্র চালাবে?

রাজনৈতিক দেউলিয়াপনার সুযোগে আমেরিকা নাকে দড়ি দিয়ে যে ঘুরাচ্ছে তারেক রহমান সরকারকে তা আর বলে দেয়ার অপেক্ষা রাখেনা।

শেখ হাসিনা দেশে আসতে চাইছেন, কিন্তু সরকার তাকে দেশে আসতে দিতে চাননা। অথচ এতদিন আওয়ামীবিরোধী শক্তি ও সরকার বলে এসেছে শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেবে। তো যাকে ফাঁসির দড়িতে ঝুলাতে চাইছে তারেক রহমানের সরকার তাকে আনতে চাইছে না কেন? অথচ শেখ হাসিনা নিজে থেকেই আসার ঘোষণা দিয়েছেন।

তাহলে এটা কি স্ববিরোধী হয়ে গেল না? গত সোয়া দুই বছর ধরে যেখানে হাসিনাবিরোধীদের মুখে একটাই কথা শোনা গেছে যে, তাকে ফিরিয়ে আনতে হবে। ফিরিয়ে এনে ফাঁসিতে ঝুলাতে হবে! তার বিচার করতে হবে!! হাসিনাকে উদ্দেশ্য করে হাজার হাজার বার যে কথাটা শোনা গেছে সেটি হল, “সাহস থাকেতো ফিরে আয়।”

এখন দেখা যাচ্ছে, হাসিনা ফিরে আসতে চাইছেন। অন্তত তার ঘোষণা ও কর্মকাণ্ড দিয়ে তো ওটাই বোঝা যাচ্ছে। কিন্তু এখন যদি সরকার তাকে ট্রাভেল পাশ বা পাসপোর্স না দেয়, তাহলে ফিরবে কি করে? এখন কিন্তু হাসিনা বলতে পারবেন যে, আমিতো দেশে ফিরতেই চেয়েছি, এবং ফিরে বিচারের মুখোমুখি হতে চেয়েছি- কিন্তু আমাকে দেশে ফিরতে দেয়া হয়নাই।

হতে পারে এটা সত্য নয়। কিন্তু এর মধ্য দিয়ে তিনি মানুষের সহানুভূতি পেতে শুরু করেছেন। আর এখানেই হলো কৌশলের রাজনীতি। যেটি শেখ হাসিনা ও আওয়ামী বিরোধীরা বার বার ল্যাং খেয়ে পড়ে যাচ্ছে ।
আরও একটা মজার দিক আছে এখানে।

সরকার এবং অন্যান্য বিরোধী দলের দাবি হল, ভারতের সাথে সম্পর্ক উন্নত না হওয়ার কারণ, শেখ হাসিনাকে আশ্রয় দেয়া। তারা অনেক দিন ধরেই বলছেন, হাসিনাকে ফেরত দিলেই সম্পর্ক ঠিক হয়ে যাবে।

কিন্তু এখন সরকার যদি হাসিনাকে পাসপোর্ট বা ট্রাভেল পাশ না দেয়, তাহলে ভারত বলতে পারবে যে, ফেরত তো দিতেই চেয়েইছিলাম। বাংলাদেশই তো সহযোগিতা করেনি। তার মানে এখানেও ভারত সুবিধা পাবে।

এখন বাংলাদেশ বলতে পারে যে, ট্রাভেল পাস কেনো লাগবে, তোমরা তো ২০১৩ সালে সম্পাদিত দুই দেশের প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে হাসিনাকে ফেরত পাঠাতে পারো। ভালো কথা। অথচ সেই ২০১৩ সালে চুক্তিরই কিন্তু ৬ ও ৮ নং ধারায় পরিস্কারভাবে বলা আছে, দুই দেশের কেউ যদি মনে করে যে, প্রত্যর্পিত ব্যক্তিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হবে, বা সে নিজ দেশে ফেরার পর ন্যায় বিচার পাবে না, তাহলে তাকে ফেরত পাঠাতে অস্বীকার করতে পারে। এই ক্ষেত্র তো এর মধ্যে বাংলাদেশ তৈরি করেই রেখেছে।

শেখ হাসিনার পক্ষে কোনো প্রকার আইনজীবি ছাড়া এক তরফা রায় ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের ক্যাঙ্গারু ট্রাইবুনাল হাসিনার ফাঁসি ঘোষণা দিয়ে বসে আছে। যে রায় ঘোষণার পর আসামী পক্ষের আইনজীবি বিগলিত হাসি দিয়ে বলেছিলেন, আমি খুব ব্যথিত!

এই ট্রাইবুনাল নিয়ে ইতোমধ্যে সেসব দেশী-বিদেশী আইনজীবিরা প্রশ্ন তুলছেন, যারা এর আগে বাংলাদেশের একাত্তরের যুদ্ধাপরীদের বিচারের খুঁটিনাটি নিয়েও প্রশ্ন তুলেছিল। তাদের তোলা প্রশ্ন যদি তখন ঠিক থাকে, এখন ঠিক না থাকার কারণ নাই।

শেখ হাসিনা যে দাবি করে বসে আছেন যে, তিনি দেশে ফিরে আইনের মুখোমুখি হতে চান, তো তিনি তাহলে আসবেন কি করে? ব্যাপারটা তো এমন না যে, তাকে সীমান্ত দিয়ে ঠেলে পুশ ইন করা হবে, আর বাংলাদেশ ওখান থেকে তাকে রিসিভ করবে।

প্রশ্নতো আরো আছে। বাংলাদেশের সশস্ত্র বাহিনীই তো ২০২৪ এর ৫ আগষ্ট তাকে বিশেষ বিমানে করে ভারতে রেখে এসেছিল। নাকি তা করে নাই? স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে এখন কি সেই সশস্ত্র বাহিনী আবার তেমনি বিশেষ বিমান পাঠিয়ে ভারত থেকে নিয়ে আসবে? এমনসব প্রশ্ন কিন্তু দেশের সাধারন মানুষ করতে শুরু করেছে। যতই এ ধরনের প্রশ্ন সামনে আসবে ততই কিন্তু শেখ হাসিনা ও আওয়ামীলীগের জন্য পজেটিভ হচ্ছে ও হবে এবং হতে থাকবে।

সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন সিলেটি আঞ্চলিক টানে ও যে ভাষা-ভঙ্গিমায় ট্রাভেল পাশ ইস্যু না করার কথা বলেছেন, সেসব ফুটপাতের ধারে টঙের চায়ের দোকানের আলাপ হতে পারে নিদেনপক্ষে। খুবই বিশ্রী অঙ্গভঙ্গি। ওসব কূটনীতির ভাষা না।

এটা বোঝা যাচ্ছে যে, মূলত শেখ হাসিনার দেশে ফেরানো ঠেকনো গেলে রাজনীতি করতে সহজ হবে বলেই সরকার ও জামায়া্ত-এনসিপিসহ বিরোধীদলগুলো তাকে দেশে ফিরতে দিতে রাজি না।

রয়টার্সও মনে করছে যে, হাসিনা ফিরলে দেশে একটি উত্তপ্ত রাজণৈতিক পরিস্থিতির সৃষ্টি হবে। আওয়ামী সাপোর্টাররা আরও সক্রিয় হয়ে উঠবে। তার বিরোধীরা মুখে যতই বলুক যে, ”দেশে আয় দেখে নেবো”, ”দেশে ফিরিয়ে আনো, বিচার করো, ফাঁসি দাও”- ওগুলো স্রেফ বাত কি বাত।

সুষ্ঠু রাজনৈতিক আলাপ মোটেই নয়। তারা মুখে বলছেন এক কথা, কিন্তু অন্তরে ভিন্ন কথা।

বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আমার মনে হয়, হাসিনাকে দেশে ফিরতে দেওয়া উচিৎ, এবং সেটা প্রটোকল মেনেই। দেশে ফেরার পর সঠিক আইনি প্রক্রিয়ায় তার বিরুদ্ধে চলা মামলার বিচার হওয়া উচিত। সেই বিচার যেনো প্রশ্নবিদ্ধ না হয় তাও নিশ্চিত করা উচিত। এটা করতে পারলে রাজনৈতিক ফায়দা বিএনপি সরকারের পক্ষে যেতে পারে।

তবে আমার কাছে মনে হয় এসব আলাপ বা যুক্তি-পাল্টাযুক্তি হলো- আইনগত বা ব্যাকরণগত বিষয়।

কিন্তু বাস্তবিকতা হলো, বাংলাদেশের রাজনীতি এখন আর বাংলাদেশের মানুষের কাছে নাই। অনেক দিন ধরেই নাই আসলে। ফলে শেখ হাসিনা দেশে ফিরতে পারবেন কিনা, সেটা নির্ভর করছে আন্তর্জাতিক কমিউনিটি কি ভাবছে তার ওপর। তাঁর সাথে বা বাংলাদেশের এখনকার তারেক রহমানের বিএনপি সরকার বা সশস্রবাহিনীর সাথে কি সমঝোতা হয়েছে এসবের ওপর।

যেমন তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্তও তার ওপর ছিল না, যেটি তিনি অকপটে স্বীকার করে নিজের ফেইসবুকে লিখেছিলেন। এ নিয়ে দেশি-বিদেশী সংবাদমাধ্যমে ব্যাপক লেখালেখি হয়েছে। তিনি কিন্তু তা অস্বীকারও করেননি।

রাজনীতিকে কখনো কখনো খেলার সাথেও তুলনা করেন কেউ কেউ। তা হয়তো হবে। তবে বাংলাদেশতো বটেই পুরো বিশ্বের রাজনীতি আসলে একটি যুদ্ধের মতো। যুদ্ধের সঙ্গেই এর মিল অনেকটা বেশি। তবে খেলা দিয়ে রাজনীতির উদাহরণ টানতে হলে রাজকীয় খেলা দাবা দিয়ে কিছুটা সম্ভব। দাবা খেলায় চালে ভুল করলে যেমন মাঠে মারা যেতে হয়, তেমনি একটা যুতসই চালে হয়ে যেতে পারে কিস্তি মাত।

ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা জনগণের পাশে দাঁড়াতে ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন- এটা পুরনো খবর। কেউ কেউ বলেছেন , শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা স্টান্টবাজি।

কেউ বলেছেন, দেশে ফিরলে বিমানবন্দর বা যেই সীমান্ত দিয়েই আসুন না কেন সেখান থেকে ধরে এনে তাকে ফাঁসি দিয়ে দেবেন। কেউ বলেছেন, আইনি প্রক্রিয়ায় তার সাজা কার্যকর করা হবে। তারা এখন কি বলবেন?

এ বিষয়ে সরকারের অবস্থান আগেই জানিয়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির। তিনি বলেছেন, শেখ হাসিনাকে পাসপোর্ট বা ট্র্যাভেল পাস দেয়া হবে না।

রাজনৈতিক দাবার বোর্ডে শেখ হাসিনা কিছু সৈন্যের চাল চেলেছেন মাত্র। হাতি ঘোড়া এখনো তো রয়েই গেলো। ‘ক্লাইম্যাক্স’ দেখার জন্য আরো অপেক্ষা করতে হবে। আপাতত দেখি, সরকারের পাল্টা চাল কি হয়।

তবু আমার ধারণা, শেখ হাসিনা ফিরবেন। এমনকি সেই প্রত্যাবর্তনের পরিণতি যদি তাঁর নিজের মৃত্যুও হয়, তবু ফিরবেন। তিনি নিজেই তা বলেছেন । অবশ্য না ফিরে তাঁর উপায়ও বিশেষ নেই। উনিশো পঁচাত্তর আর দুই হাজার চব্বিশের রাজনৈতিক পরিস্থিতিকে এক পাল্লায় মাপা চলে না।

পচাত্তরে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি ফণা তুলেছিল, আর চব্বিশে সেই ফণা শুধু তোলেনি, সুযোগ পেয়ে বিষদাঁত বসিয়েছে।
এবার শেখ হাসিনা যদি না ফেরেন, কিংবা তাঁকে ফিরতে দেওয়া না হয়, তাহলে একাত্তরে যে রাজনৈতিক দলের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেই দলটির অস্তিত্বই হয়তো ইতিহাসের জাদুঘরে স্থান পাবে।

আর তার সঙ্গে বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে গড়াবে, সে সম্পর্কে খুব বেশি কল্পনাশক্তির প্রয়োজন হয় না। রাষ্ট্রটির নাম বাংলাদেশ থাকবে বটে, কিন্তু তার চরিত্র ক্রমশ পাকিস্তানের মতো একটি ধর্মান্ধ, উগ্রবাদী রাষ্ট্রের দিকে এগোবে কি না, সেটাই তখন বড় প্রশ্ন হয়ে দাঁড়াবে। অবশ্য এরই মধ্যে তার অনেকটাই এগিয়ে গেছে। এবার হিসাবটা -এসপার, নয় ওসপার। একটা কিছু হবেই। হতেই হবে।

# ইশরাত জাহান: লেখক, প্রাবন্ধিক ও নারী অধিকার সংগঠক।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *