খাগড়াছড়ি: খাগড়াছড়িতে আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-প্রসীত) এবং জনসংহতি সমিতির (জেএসএস) গোলাগুলিতে তিনজন নিহত হয়েছেন।
আজ সোমবার সকালে উপজেলার চেঙ্গী ইউনিয়নের মধুমঙ্গল পাড়া এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষের সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। টানা গোলাগুলি হতে থাকে। গুলির শব্দে স্থানীয় বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি করেন।
অনেক পরিবার ভয়ে ঘরের দরজা-জানালা বন্ধ করে ফেলে। ঘটনার পর পুরো এলাকায় চরম ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ তিনজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করে বলেন, ‘আমরা তিনজন নিহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
তারা কোন সংগঠনের সদস্য ছিলেন, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে জেএসএস ও ইউপিডিএফ নেতাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
