চট্টগ্রাম: দেশের রন্ধ্রে বাজছে ‘শেখ হাসিনা আসবেন’! তাই হয়তো বিএনপির প্রচারণাতেও বেজে উঠলো শেখ হাসিনাকে নিয়ে লেখা গান। কাকতালীয় হতে পারে, অথবা ইচ্ছাকৃত! তবে আয়োজকরা বলছেন, অসতর্কতায় হয়েছে।
চট্টগ্রাম নগর বিএনপির ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত প্রচারণায় বেজে উঠেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’ শিরোনামের গান।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রচারণা চলার সময় এই গান বেজে ওঠার বিষয়টি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে কৌতূহল সৃষ্টি করেছে।
কৌতুহলের সাথে আতঙ্কও বটে।
‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’ শিরোনামের গানটি বাজানোর ৩৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় মাইকে দলীয় গান ও ভাষণ প্রচারের কর্মসূচি নেয় নগর বিএনপি।
সকাল থেকেই নগরের আগ্রাবাদ এলাকায় মাইকে গান বাজানো হচ্ছিল। হঠাৎ সেখানে শেখ হাসিনাকে নিয়ে লেখা গানটি বেজে ওঠে।
ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মাইকে ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’ গানটি বাজছে।
চট্টগ্রাম নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত শওকত আজম খাজা গণমাধ্যমকে এই বিষয়ে বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নগরের বিভিন্ন এলাকায় মাইকে দলীয় গান ও ভাষণ প্রচারের কর্মসূচি ছিল। আগ্রাবাদে দলের কর্মসূচিতে অন্য একটি দলের গান বাজানোর ভিডিও তাঁর নজরে এসেছে। তবে কারা গানটি বাজিয়েছেন, তা এখনো নিশ্চিত হতে পারেননি।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ ফয়সাল গণমাধ্যমকে বলেন, বিএনপির কর্মসূচিতে অন্য একটি গান বাজানোর ভিডিও পুলিশের নজরে এসেছে। বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে কর্মসূচির আয়োজকদের সঙ্গে কথা বলেছে।
আয়োজকেরা পুলিশকে জানিয়েছেন, বিষয়টা ইচ্ছাকৃত নয়। অসতর্কতায় হয়েছে।
তাঁরা জানান, ইউটিউব থেকে দলীয় গান বাজানো হচ্ছিল। একের পর এক গান চলার মধ্যে অসতর্কতাবশত ওই গানটি বেজে ওঠে। বিষয়টি বুঝতে পেরে দ্রুত গানটি বন্ধ করে দেওয়া হয়।
