ঢাকা: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেওয়া হবে না এবং ‘গ্রহণযোগ্য বন্দী বিনিময়’ প্রক্রিয়ার মাধ্যমে ভারত থেকে তাঁকে ফিরিয়ে আনা হবে— হুমায়ুন কবিরের এহেন বক্তব্যের এক দিন পর নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারত।

মঙ্গলবার (১০ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক ভ্রমণ বা প্রত্যর্পণের জন্য ‘ট্রাভেল ডকুমেন্ট’ বা ভ্রমণ নথির প্রয়োজন রয়েছে।

মঙ্গলবার এক ব্রিফিংয়ে ভারতে শেখ হাসিনার অবস্থান ও প্রত্যর্পণ সংক্রান্ত প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেছেন, “বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ একটি আইনি বিষয় এবং সেই অনুযায়ীই এটি মোকাবিলা করা হবে।”

প্রত্যর্পণের ক্ষেত্রে পাসপোর্টের প্রয়োজনীয়তাকে একটি ‘কারিগরি বিষয়’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “স্বাভাবিকভাবেই মানুষের ভ্রমণের জন্য একটি ট্রাভেল ডকুমেন্টের প্রয়োজন হয়।”

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণ করতে হলে একটি বাংলাদেশি পাসপোর্ট অথবা জরুরি সনদপত্র (ইমার্জেন্সি সার্টিফিকেট) প্রয়োজন, যা প্রমাণ করবে যে তিনি বাংলাদেশের নাগরিক।

এর আগে সরকার জানায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়া হবে না।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের কথার ব্যাপক সমালোচনাও হয়েছে।

তাঁর বক্তব্য, বাংলাদেশ কোনও সন্ত্রাসবাদীকে পাসপোর্ট দেয় না। বরং প্রত্যর্পণ চুক্তি মেনে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করতে চায় ঢাকা।

পাসপোর্ট না থাকলে কোনও ব্যক্তিকে প্রত্যর্পণ করা সম্ভব কি না, সেই প্রশ্ন যখন ওঠে এর উত্তরে রণধীর জয়সওয়াল জানান, বিষয়টি প্রযুক্তিগত হলেও বিদেশ ভ্রমণের জন্য প্রত্যেক ব্যক্তির প্রয়োজনীয় ট্রাভেল ডকুমেন্ট থাকা জরুরি। এই বিষয়ে বিস্তারিত তথ্য খোঁজ নিয়ে জানাতে পারবেন বলে উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, লন্ডনভিত্তিক একটি আইনি প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে চিঠি পাঠিয়ে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন করেছেন শেখ হাসিনা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *