ঢাকা: ডিসেম্বরে আসছেন শেখ হাসিনা। দেশে যে চরম নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার অবসান হবে, এমনটাই আশা জনগণের। কারণ তারা সেভাবেই দেখে এসেছেন শেখ হাসিনাকে। শেখ হাসিনা ছাড়া সন্ত্রাস দমন কেউ করতে পারেনি এই বাংলাদেশে।
আওয়ামী লীগ একের পর এক কর্মসূচি ঘোষণা করছে।
বাংলাদেশ আওয়ামী লীগ আগামি ১৪, ১৫ ও ১৬ নভেম্বর দেশব্যাপী তিন দিনব্যাপী (৭২ ঘণ্টার) “গণসংযোগ ও গণপ্রতিবাদ” কর্মসূচির ঘোষণা দিয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দলটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও দাবি করা হয়, দেশের এই সংকটময় মুহূর্তে আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফিরছেন আওয়ামীলীগের সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অসাংবিধানিক উপায়ে ও পাতানো নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার দেশকে ধ্বংসের দিকে নিয়ে গেছে এবং দেশে আইনশৃঙ্খলার চরম অবনতি ও মাৎস্যন্যায় চলছে।
এই পরিস্থিতিতে শেখ হাসিনার দেশে ফেরার সিদ্ধান্ত দিশেহারা মানুষকে আশাবাদী করে তুলেছে।
আওয়ামী লীগ ঘোষিত ৩ দিনের ধারাবাহিক কর্মসূচির মধ্যে রয়েছে:
১৪ নভেম্বর: সারাদেশে ঘোষিত ৮-দফা দাবিনামার লিফলেট বিতরণ, দেয়াল লিখন, প্রচারণা ও গণসংযোগ।
১৫ নভেম্বর: ৮-দফা দাবির সমর্থনে দেশব্যাপী গণপ্রতিবাদ ও বিক্ষোভ মিছিল।
১৬ নভেম্বর: দেশের সকল জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকায় অবস্থিত বিদেশি দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থার কার্যালয়ে ৮-দফা সম্বলিত স্মারকলিপি পেশ।
একই সাথে বিদেশে বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থার প্রধান কার্যালয়ে প্রবাসী শাখাগুলোর পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হবে।
আওয়ামী লীগের পক্ষ থেকে দেশ-বিদেশের সকল শাখা, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীদের এই কর্মসূচি সফল করার নির্দেশ দেয়া হয়।
এবং পাশাপাশি জনগণের অধিকার ফিরিয়ে আনতে ৮-দফা দাবি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।
আওয়ামী লীগের ঘোষিত ৮-দফা দাবিগুলো:
১. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাতিল, শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত মামলা ও বিচার বাতিল এবং ওবায়দুল কাদের, মাহবুবউল আলম হানিফসহ শীর্ষ রাজনৈতিক নেতা ও সামরিক-বেসামরিক কর্মকর্তাদের সাজানো বিচার ও রায় বাতিল।
২. আওয়ামী লীগ ও এর সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার।
৩. সকল রাজবন্দির মুক্তি, মামলা-বাণিজ্য বন্ধ এবং সকল মিথ্যা মামলা প্রত্যাহার।
৪. বিদ্যুৎ, তেল, গ্যাস, পানি ও সারের সরবরাহ নিশ্চিতকরণ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো।
৫. বন্ধ শিল্পকারখানা চালু এবং বেকার শ্রমিকদের কর্মসংস্থান সৃষ্টি।
৬. খুন, ধর্ষণ, চাঁদাবাজি, লুটপাট বন্ধ, ধর্মীয় সংখ্যালঘু, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও মাজারে হামলা-নির্যাতন বন্ধ এবং অপরাধীদের বিচার।
৭. সামরিক-বেসামরিক কর্মকর্তা ও সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার, তাদের মুক্তি এবং বাক ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা।
৮. জঙ্গি পৃষ্ঠপোষকতা বন্ধ এবং কারামুক্ত জঙ্গি ও সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার।
