ঢাকা: সরকার বদল হয়েছে, কিন্তু বাংলাদেশে প্রতিহিংসার রাজনীতির ছবিটা এতটুকু বদলায়নি।
দেশের সাংস্কৃতিক জগতের ব্যক্তিত্বদের ধরপাকড় চলছে ক্রমাগত। শিল্পীদেরও জড়িত করে ফেলা হচ্ছে অপরাজনীতিতে।
সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে জুলাই আন্দোলন ঘিরে রাজধানীর মিরপুরে দায়ের হওয়া মোক্তার হোসেন হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছে আদালত।
বুধবার (২৪ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত এই আদেশ দেন।
এর আগে সোমবার মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুল হক মমতাজকে ওই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
শুনানির জন্য মমতাজকে কারাগার থেকে আদালতে আনা হয়।
রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেন, সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নাকি তিনি তৎকালীন সরকারের পক্ষে সক্রিয় ভূমিকা পালন করেছেন বলে তদন্তে তথ্য পাওয়া গেছে।
এই কারণে শিল্পীকে মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে।
অন্যদিকে, মমতাজের আইনজীবী আব্দুস সালাম মোল্লা গ্রেপ্তার না দেখানোর আবেদন জানিয়ে বলেন, তার মক্কেল উচ্চ আদালত থেকে ছয়টি মামলায় জামিন পেয়েছেন। এছাড়া বর্তমান মামলায় তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ বা সম্পৃক্ততার উল্লেখ নেই।
হেলমেটে মাথা ঢাকা মমতাজকে দেখে চিনতে অসুবিধা হলেও তাঁকে চেনামাত্র সমবেত জনতা গেয়ে উঠলেন তাঁরই বিখ্যাত গান – ‘বুক ফাইট্টা যায়।’
প্রসঙ্গত, লোকসঙ্গীতশিল্পী হিসেবে জনপ্রিয় মমতাজ বেগম। ২০০৮ সালে আওয়ামি লিগের হয়ে নির্বাচনী লড়াইয়ে নেমে সংসদ সদস্য হন। পরে ২০১৪ ও ২০১৮ সালেও তিনি জয়ী হন। তবে ২০২৪ সালের নির্বাচনে হেরে সংসদ সদস্যের পদ খোয়ান মমতাজ।
