কুমিল্লা: কুমিল্লা নামে বিভাগ হবে। জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রহমান বলেছেন, ‘কুমিল্লা নামে বিভাগ হওয়াটা যদি এই অঞ্চলের জনগণের দাবি হয়ে থাকে ইনশাল্লাহ সেটির বাস্তবায়ন হবে। বিএনপি সরকার জনগণের সকল দাবি পর্যায়ক্রমিক ভাবে পূরণ করবে।’
প্রধানমন্ত্রী একই সঙ্গে কুমিল্লায় কৃষি বিশ্ববিদ্যালয় গঠনের বিষয়ে শিগগীরই শিক্ষামন্ত্রীর সাথে আলাপ করে ব্যবস্থা নেয়ার কথাও তুলে ধরেন।
আজ দুপুর দেড়টায় কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে এক পথ সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান এই কথা বলেন।
সভায় কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ কুমিল্লাবাসীর পক্ষে ‘কুমিল্লা’ নামে কুমিল্লা বিভাগ এবং কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি তুলে ধরেন।
এই সময় প্রধানমন্ত্রী জনগণকে বিএনপি সরকারের শক্তি উল্লেখ করে তাদের সরকারের পাশে থাকার আহ্বান জানান।
উল্লেখযোগ্য যে, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবার কুমিল্লা সফরে এলেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার সকালে তাঁর আগমনকে কেন্দ্র করে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ও কুমিল্লা চাঁদপুর আঞ্চলিক সড়কের বিভিন্ন স্থানে নেতাকর্মীসহ সাধারণ মানুষ ভিড় করেন।
সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশ অতিক্রম করে।
