ঢাকা: ঢাকায় ভারতীয় হাই কমিশনার হিসাবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব শুরু করেছেন দীনেশ ত্রিবেদী।
বৃহস্পতিবার (২৫ জুন) মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হাতে আনুষ্ঠানিক পরিচয়পত্র পেশ করেছেন। এর মধ্য দিয়ে ঢাকা মিশনের দায়িত্ব শুরু করলেন দীনেশ ত্রিবেদী।
এদিন দুপুরে তিনি বঙ্গভবনে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় পরিচয়পত্র পেশ করেন।
রেওয়াজ অনুযায়ী তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়।
নতুন হাইকমিশনার ত্রিবেদী বঙ্গভবনে এসে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল তাঁকে ঐতিহ্যবাহী গার্ড অব অনার প্রদান করে।
আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতি ও নতুন হাইকমিশনারের মধ্যে এক সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম গণমাধ্যমকে জানান, নতুন হাইকমিশনারকে বঙ্গভবনে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন রাষ্ট্রপ্রধান।
এদিকে বাংলাদেশি নাগরিকদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করে দিয়েছে ভারত। এই দেশের নাগরিকরা দীর্ঘ সময় ধরে ট্যুরিস্ট ভিসার অপেক্ষায় ছিলেন। যে অপেক্ষার অবসান ঘটলো।
রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, দীনেশ ত্রিবেদীর দায়িত্ব পালনকালে দুই প্রতিবেশী দেশের পারস্পরিক দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরালো, ফলপ্রসূ এবং জনগণের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে।
বৈঠকে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে অনুষ্ঠিত অবাধ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের বিষয়টি স্মরণ করেন।
ওই নির্বাচনে দুই-তৃতীয়াংশেরও বেশি আসন পেয়ে নতুন গণতান্ত্রিক সরকার গঠিত হয়। সেই সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার উপস্থিতি ও অংশগ্রহণের কথা রাষ্ট্রপ্রধান অত্যন্ত কৃতজ্ঞতার সাথে উল্লেখ করেন।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জোর দিয়ে বলেন, নিকটতম প্রতিবেশী এবং অন্যতম প্রধান বাণিজ্য ও উন্নয়ন সহযোগী হিসেবে ভারতের সাথে বিদ্যমান সম্পর্ককে বাংলাদেশ সবসময় বিশেষ অগ্রাধিকার দিয়ে থাকে।
সার্বভৌম সমতা, পারস্পরিক জাতীয় স্বার্থ ও মর্যাদা বজায় রাখার পাশাপাশি দুই দেশের জনগণের কল্যাণ নিশ্চিত করে একটি সম্মানজনক ও দূরদর্শী অংশীদারিত্ব বজায় রাখতে বাংলাদেশ সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।
