ঢাকা: ফেরার ডঙ্কা বেজে গিয়েছে। জঙ্গী আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন বলে খবর।

আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবেই নতুন পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে আবেদন করেছেন শেখ হাসিনা।

তবে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শেখ হাসিনাকে কোনো ভ্রমণ নথি বা পাসপোর্ট দেওয়ার প্রয়োজন নেই, বরং দ্বিপাক্ষিক চুক্তির আওতায় তাঁকে সরাসরি বাংলাদেশের কাছে হস্তান্তর করা উচিত।

আজ সোমবার (৯ নভেম্বর) প্রতিবেদন অনুযায়ী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, “আমরা শেখ হাসিনাকে ফেরত চাই। তাঁকে আমাদের হাতে তুলে দেওয়া হবে। তিনি একজন সন্ত্রাসী। তিনি একজন পলাতক আসামি। বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি কার্যকর প্রত্যর্পণ চুক্তি (Extradition Treaty) রয়েছে।”

পাসপোর্ট ইস্যুর প্রয়োজনীয়তা নাকচ করে তিনি আরও বলেন, বিদ্যমান আইনি ও প্রত্যর্পণ কাঠামোর মাধ্যমেই তাঁর দেশে ফেরা নিশ্চিত করা উচিত।

প্রতিবেদন অনুসারে, দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে দেওয়া চিঠিতে হাসিনার লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা লিখেছেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ আমাদের মক্কেলের বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিল করেছে বলে জানা গেছে। এমতাবস্থায়, তার জন্য একটি নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি।’

চিঠিতে হাসিনার বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে এবং ‘আন্তর্জাতিক মানবাধিকার সনদগুলোর অধীনে থাকা বাধ্যবাধকতা’ অনুসারে আবেদনগুলো ‘দ্রুততম সময়ে’ নিষ্পত্তি করার অনুরোধ জানানো হয়েছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

তবে এই বিষয়ে প্রীতি রহমান ও ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্ররা তাৎক্ষণিকভাবে সাড়া দেননি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *