ঢাকা: বাতিল হয়ে যাওয়া কূটনৈতিক পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে পেতে এবার তাঁর স্বাক্ষরসহ দিল্লির বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্টের আবেদন করলেন তাঁর আইনজীবীরা।
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার হয়ে লন্ডনের আইনি পরামর্শদাতা সংস্থা ম্যাট্রিক্স চেম্বারস দ্বিতীয় দফায় ই-মেইল পাঠিয়ে জানতে চেয়েছে, ওই দুটি নথি ফিরে পেতে কী কী আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
বৃহস্পতিবার দেওয়া ই-মেইলের সঙ্গে যুক্ত করা হয়েছে শেখ হাসিনার স্বাক্ষরিত ওকালতনামাও। অর্থাৎ শেখ হাসিনার হয়ে আইনি সিদ্ধান্ত নেওয়ার আনুষ্ঠানিক অনুমতিও জমা দিয়েছে ম্যাট্রিক্স চেম্বারস।

উল্লেখযোগ্য যে, গত ৯ নভেম্বর প্রথমবারের মতো বাংলাদেশ হাইকমিশনারের দপ্তরে ই-মেইল পাঠিয়েছিল সংস্থাটি।
তাতে শেখ হাসিনার বাতিল হয়ে যাওয়া পাসপোর্ট এবং এনআইডি ফিরে পাওয়ার প্রক্রিয়া সম্পর্কে জানতে চাওয়া হয়।
তবে সেই আবেদনের সঙ্গে শেখ হাসিনার স্বাক্ষরিত অনুমতিপত্র ছিলো না। এ নিয়ে অনেক সমালোচনাও হয়। প্রথম দফার আবেদনে শেখ হাসিনার স্বাক্ষরিত কোনো অনুমোদনপত্র বা ওকালতনামা না থাকায় তিনি আনুষ্ঠানিকভাবে তাঁর পক্ষে প্রতিনিধিত্ব করছেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছিল।
তবে দ্বিতীয় ই-মেইলে যুক্ত হয়েছে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার স্বাক্ষর।
তাঁর স্বাক্ষরিত অনুমতিপত্রসহ নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনে আবারও চিঠি দিয়েছে যুক্তরাজ্যের আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স।
১৯ নভেম্বর ২০২৬ তারিখে পাঠানো এই দ্বিতীয় দফার চিঠিতে জরুরি ভিত্তিতে আনুষ্ঠানিক জবাব চাওয়া হয়েছে।
যুক্তরাজ্যভিত্তিক আইনি পরামর্শক প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স-এর ব্যারিস্টার স্টিভেন পাওলেস নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে এই চিঠি পাঠিয়েছেন।
