ঢাকা: আগামি ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী।
প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আওয়ামী লীগ জনগণের কাছে বিশেষ কিছু দাবি উত্থাপন করেছে।
ফেসবুক পেইজে আওয়ামী লীগ লিখেছে:
“ইতিহাস, ঐতিহ্য, সংগ্রাম, গৌরব, অর্জন ও সাফল্যের ৭৭ বছর পেরিয়ে দেশ ও জাতির সংকটে জনগণের প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের আহ্বান বাংলাদেশ আওয়ামী লীগ সর্বদা জনগণের আকাঙ্ক্ষা, বিশ্বাস ও ভাগ্যোন্নয়নের দর্শনকে ধারণ করে পথ চলে এসেছে।
৭৭ বছরের গৌরবোজ্জ্বল পথচলায় বাংলাদেশ আওয়ামী লীগ কেবল একটি রাজনৈতিক প্রতিষ্ঠান নয়; এটি বাঙালি জাতির স্বাধীনতা অর্জন, আত্মমর্যাদা ও মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং উন্নয়ন অভিযাত্রার এক অবিচ্ছেদ্য অংশ।
ভাষার অধিকার প্রতিষ্ঠা, যুক্তফ্রন্টের নির্বাচনে গণতান্ত্রিক চেতনার উন্মেষ, ৬ দফার ভিত্তিতে স্বায়ত্তশাসন ও স্বাধিকারের বোধ এবং তার পথ ধরে ঊনসত্তরের গণঅভ্যুত্থান ও স্বাধীনতার জন্য গণচেতনার বিকাশ, মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা থেকে উন্নয়নশীল বাংলাদেশের রূপকার বাংলাদেশ আওয়ামী লীগ”।
বাংলাদেশ আওয়ামী লীগ ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রাক্কালে জনগণের কাছে যে দাবিগুলো উত্থাপন করেছে তা হলো:
– আওয়ামী লীগের উপর অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।
– বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ ও অসাংবিধানিক আইসিটি ট্রাইব্যুনাল কর্তৃক প্রদত্ত রায়সহ সকল মামলা ও ট্রাইব্যুনাল বাতিল করতে হবে।
– রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক মামলা অবিলম্বে প্রত্যাহার এবং রাজবন্দিদের নিঃশর্ত মুক্তি দিতে হবে।
– নাগরিক পরিষেবা ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
– ন্যায়বিচার, গণতান্ত্রিক অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডের পরিবেশ নিশ্চিত করতে হবে।
– প্রতিহিংসা ও বিভেদের রাজনীতি পরিহার করে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা; মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িকতা, গণতন্ত্র ও সাংবিধানিক মূল্যবোধ সমুন্নত করতে হবে।
– দেশবিরোধী অপশক্তি, উগ্রবাদ ও সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ করতে হবে।
