ঢাকা: পদত্যাগ করতে পারেন মহামান্য রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন। শেখ হাসিনা সরকারের সময়ের একমাত্র তিনিই সাংবিধানিক পদাধিকারী ছিলেন।
তাঁকে নিয়ে কম ষড়যন্ত্র হয়নি। তবে এবার তিনি সরে যাচ্ছেন বলেই জল্পনা জোরালো হয়েছে।
অসুস্থতার কারণ দেখিয়ে আজ, শুক্রবার (২৪ জুলাই) রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে পারেন বলে বঙ্গভবনের একাধিক সূত্র জানিয়েছে।
এমনটাও জানা গেছে, তিনি দুপুরের দিকে জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠাতে পারেন। যদিও এই বিষয়ে রাষ্ট্রপতি কার্যালয় বা সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
এদিকে দেশের একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে পদত্যাগের প্রসঙ্গে খোদ রাষ্ট্রপতি যা বললেন তা শুনলে চমকে যাবেন।
এই নিয়ে প্রশ্ন করা হলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, ‘দেখতে পাবেন… প্রশ্নটা বিব্রতকর।’
সম্প্রতি চিকিৎসার জন্য লন্ডনে অবস্থানকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার যোগাযোগ হয়েছিল—এমন গুঞ্জন যে উঠেছে সেটা সরাসরি নাকচ করে দেন তিনি।
রাষ্ট্রপতি বলেন, ‘এটা পুরোপুরি ভিত্তিহীন। কারও যদি মাথা খারাপ হয়, সে এ ধরনের কথা বলতে পারে। আমি তখন মৃতপ্রায়, চিকিৎসাধীন ছিলাম। এটা একেবারে ভিত্তিহীন ও বানানো কথা।’
এদিকে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন প্রসঙ্গে মুখ খুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনিও জানিয়েছেন, এ ধরনের খবরের বিষয়ে সরকার বিন্দুমাত্র অবগত নয়। তবে কোনো রাষ্ট্রপতি চাইলে শারীরিক বা অন্যান্য যেকোনো ব্যক্তিগত কারণে সংবিধান অনুসরণ করে পদত্যাগ করতে পারেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, “গুঞ্জন তো গুঞ্জনই। যদি বাস্তবে এমন কোনো ঘটনা ঘটে, তখন আমরা তা দেখব।”
