ঢাকা: প্রথম মহিলা প্রেসসচিব পেল কলকাতার বাংলাদেশ উপদূতাবাস। নতুন প্রেস সচিবের নাম উম্মে মারুফা। তিনি ঢাকার একটি বেসরকারি টিভি চ্যানেলের সাংবাদিক।
সোমবার (২৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
উপসচিব গোলাম রব্বানীর সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, উম্মে মারুফাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের প্রেস উইংয়ে প্রথম সচিব (প্রেস) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।
যোগদানের তারিখ থেকে এই পদে নিয়োগের মেয়াদ হবে এক বছর।
এ ছাড়া এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও জনস্বার্থে জারি করা ওই আদেশে উল্লেখ করা হয়েছে।
উল্লেখযোগ্য যে, এর আগে গত ২২ জুলাই কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব মো. তারিকুল ইসলাম ভূঁইয়া ওরফে তারিক চয়ন পদত্যাগ করেন।
সূত্রে জানা গিয়েছে, আগস্টের প্রথম দিকে তিনি কলকাতায় যাবেন। এরপরই প্রথম মহিলা প্রেস সচিব হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন।
