ঢাকা: ২০২৪ সালে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই দেশছাড়া সাকিব আল হাসান।
তাঁর অপরাধ তিনি আওয়ামী লীগ করেন। তবে এত বাধার পরেও সাকিব কিন্তু তাঁর জায়গায় দাঁড়িয়ে আছেন এবং বরাবর তিনি যে আওয়ামী লীগের তা বলেন।
রাজাকারদের রোষের জেরে দেশের মাটিতে খেলাও একেবারে বন্ধ হয়ে গিয়েছে সাকিবের।
যদিও নতুন সরকার গঠনের পর সেই ছবিটা সামান্য পাল্টাতে শুরু করেছে। সাকিবের বিরুদ্ধে ঝুলতে থাকা মামলাগুলির দ্রুত নিষ্পত্তির কথাও হচ্ছে বলে জানা যায়।
এবার দেশে ফেরা নিয়ে প্রাক্তন বিশ্বসেরা অলরাউন্ডার মুখ খুলেছেন।
দেশে ফেরার সময়সীমা নিয়ে কথা বলেছেন সাকিব আল হাসান। তিনি জানিয়েছেন, চলতি বছরের শেষ নাগাদ সব সমস্যা সমাধান করে বাংলাদেশে ফিরতে চান।
মাগুরা-২ আসনের সংসদ সদস্য থাকায় তাঁর বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক আইনি জটিলতা তৈরি হয়। এরপর থেকে তিনি যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে অবস্থান করছেন।
সম্প্রতি ভারতের মুম্বাইয়ে ‘ইইউ টি-টোয়েন্টি বেলজিয়াম ২০২৬’ লিগের জার্সি উন্মোচন অনুষ্ঠানে অংশ নেন সাকিব। সেখানে ‘স্পোর্টস্টার’-কে দেয়া সাক্ষাৎকারে দেশে ফেরার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সাকিব আল হাসান বলেন, বছরের শেষ দিকে সমস্যার সমাধান হতে পারে। তিনি বাংলাদেশে ফেরার ব্যাপারে আশাবাদী। তবে কবে ফিরবেন সেটা নিশ্চিত নয়। যদিও দ্রুতই ফিরতে চান বলে জানান।
এবার সাকিবের দলে ফেরা নিয়ে কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মিরপুর শের-ই-বাংলায় সংবাদ সম্মেলন তামিম বলেন, ‘আমরা গত এক-দুই বছর ধরে একজন নির্দিষ্ট ক্রিকেটার, নাম বললে সাকিবকে নিয়েই আমরা কথা বলছি। আমি অনুরোধ করবো এই প্রশ্নটা যখন করেন আমাদের তিনজন ক্রিকেটার, সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, নাইমুর রহমান দুর্জয়, সাকিব আল হাসান একই ধরনের পরিস্থিতিতে আছে। আমার মনে হয় না এটা উচিত হবে এখানে বসে শুধু একজন ক্রিকেটারকে নিয়ে কথা বলা।’
তামিম বলেন, ‘ওর (সাকিব) বিষয়টা আছে। আমাদের তরফ থেকে ক্রিকেটিং যেকোন ধরনের সুযোগ-সুবিধা আমরা তাদেরকে স্বাগত জানাব। আইনের যে বিষয়গুলো আছে, আমাদের প্রতিমন্ত্রীও বলেছেন আমরা নমনীয় হবো। ক্রিকেট বোর্ড হিসেবে আমাদের তরফ থেকে ক্রিকেটীয় যেসব সহায়তা করতে পারি সেটা আমরা সবসময় করবো। আমরা তাদের স্বাগত জানাব যদি উনারা ওই সমস্যা সমাধান করে আসেন।’
উল্লেখ্য, বাংলাদেশের হয়ে সর্বশেষ ম্যাচ ২০২৪ সালের অক্টোবরে খেলেছেন সাকিব। কানপুরে ভারতের বিপক্ষে টেস্টের পর আর জাতীয় দলে দেখা যায়নি তাকে। তিনি আগেই জানিয়েছেন, দেশের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসর নিতে চান।
