ঢাকা: নেপালে ভয়াবহ বিপর্যয়। হড়পা বানে ভেসে গিয়েছে একের পর এক জেলা। এই হড়পা বানের ছবি ও ভিডিয়ো সামনে আসতেই আশঙ্কা করা হয়েছিল যে ভয়াবহতা কতটা হতে পারে। এবার তার একটা ধারণা স্পষ্ট হল।
ভিডিওতে দেখা যাচ্ছে, এক একটা বাড়ি গিলে খাচ্ছে বান।
নেপালে ভোতে কোশি নদীতে আকস্মিক বন্যায় অন্তত ৫৫ জনের মৃত্যু হয়েছে। এতে নিখোঁজ রয়েছেন আরও ৪০০ জন।
বার্তা সংস্থা এএফপির বরাতে এনডিটিভি জানিয়েছে, সীমান্তের তিব্বত অংশ থেকে নেমে আসা পানিতে নেপালে এই বন্যার সৃষ্টি হয়। এতে মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বেশ কয়েকটি গ্রাম ভেসে গেছে।
প্রায় ১৩৩ জন ভারতীয় পর্যটক নিখোঁজ রয়েছেন বলে খবর পাওয়া গেছে।
আজ, বুধবার (২৬ অগস্ট) সকালে আচমকাই হড়পা বান আসে ভোতে কোশী নদীতে। নেপালের নুয়াকোট ও ধান্দিং জেলা কার্যত ধুয়েমুছে সাফ হয়ে গিয়েছে এই হড়পা বানে। জানা গিয়েছে, তিব্বতের দিক থেকে হড়পা বানের জল আসে। একাধিক গ্রাম চোখের নিমেষে ভেসে গিয়েছে।
উদ্ধারকাজে ইতিমধ্যেই নেমেছে নেপাল সেনা। হেলিকপ্টারে উদ্ধারকাজ চালানো হচ্ছে। বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরাও উদ্ধারকাজ চালাচ্ছে।
হড়পা বানে নেপালের উত্তরের জেলাগুলিতে সবথেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
নেপাল ইলেকট্রিসিটি অথারিটি জানিয়েছে, অন্তত ছয়টি বড় বড় হাইড্রোপাওয়ার ও ট্রান্সমিশন ফেসিলিটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
নেপালে হড়পা বান বিপর্যয়ের খবর পেয়ে সে দেশের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহের সঙ্গে ফোনে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই কঠিন সময়ে নেপালের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি।
সূত্রের খবর, যত দ্রুত সম্ভব নেপালে ত্রাণসামগ্রী পাঠানো হচ্ছে। উদ্ধারকাজেও ভারতীয় দল হাত লাগিয়েছে।
বলেনের সঙ্গে ফোনালাপের কথা সমাজমাধ্যমে জানিয়েছেন মোদী। তাঁর কথায়, ‘‘নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে আমি কথা বলেছি। সেখানকার হড়পা বান এবং বন্যায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের জন্য সমবেদনা জানিয়েছি। এই কঠিন সময়ে নেপালের ভাইবোনেদের পাশে রয়েছে ভারত। নেপালে সম্ভাব্য সমস্ত রকম মানবিক সাহায্য প্রদানে প্রস্তত আমরা। উদ্ধারকাজে আমাদের দল সাহায্য করছে।’’
