ঢাকা: ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি ভবন আচমকা ধসে পড়েছে।

রবিবার দুপুরে দক্ষিণ-পশ্চিম দিল্লির সত্য নিকেতন এলাকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বহুতলটি।

পেয়িং গেস্ট হিসেবে অনেক পড়ুয়া ওই বিল্ডিংয়ে থাকতেন। ধসে পড়া ভবনটির ধ্বংসস্তূপে অনেকেই আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। দুইজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে।

দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ ।

স্থানীয় সময় দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।

ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।

দুর্ঘটনার সময় ভবনটিতে প্রায় ৫০ জন শিক্ষার্থী থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

বিকেল ৪টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ধ্বংসস্তূপ থেকে চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

তাদের দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের (এআইআইএমএস) ট্রমা কেয়ার সেন্টারে নেওয়া হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া চারজনের অবস্থাই আশঙ্কাজনক।

ঘটনার খবর পেয়েই উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়ে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), দিল্লি বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (ডিডিএমএ), দিল্লি পুলিশ, পুরনিগম (এমসিডি) এবং সিভিল ডিফেন্সের যৌথ দল।

হুড়মুড়িয়ে বিল্ডিং ধসে পড়ার পর প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ধ্বংসস্তূপের মধ্যে থেকে আর্তনাদ শোনা গিয়েছে শিক্ষার্থীদের।

আরকে পুরমের বিজেপি বিধায়ক অনিল কুমার শর্মা এই দুর্ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘এটি অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। দূর-দূরান্ত থেকে পড়তে আসা আমাদের ছেলেমেয়েরা পিজি-তে থাকছিল, সেই ভবনটিই ভেঙে পড়েছে। বিপর্যয় মোকাবিলা বাহিনী, পুরনিগম ও পুলিশ দ্রুত দু’জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *