ঢাকা: নেপাল-তিব্বত সীমান্তজুড়ে বুধবারের ভয়াবহ হড়পা বানের পর পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে।
মূলত যারা ভুক্তভোগী তারা জানে কষ্ট কাকে বলে!
সময় যত যাচ্ছে, পাল্লা দিয়ে বাড়ছে প্রাণহানি ও নিখোঁজের সংখ্যা। শুক্রবার সকাল ৮টা ২০ মিনিটে পাওয়া সরকারি হিসাব অনুযায়ী, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬৯ জনে এবং নিখোঁজ রয়েছেন সাড়ে সাতশোরও বেশি মানুষ। তবে বেসরকারি সূত্রে এই সংখ্যা প্রায় ১৫০০ বলে দাবি করা হচ্ছে।
জানা গিয়েছে, ভয়ঙ্কর এবং আকস্মিক বন্যায় শত শত মানুষের মৃত্যুর মধ্যে এ বার ভারতের উত্তরপ্রদেশের নদী থেকে উদ্ধার হয়েছে সাতটি মরদেহ।
নেপাল থেকে বয়ে আসা নদীতে এই দেহগুলি ভেসে এসেছে বলে মনে করছেন ভারতীয় আধিকারিকরা। তাঁদের আশঙ্কা, নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজদের মধ্যেই হয়তো এরা থাকতে পারেন।
জানা গিয়েছে, উত্তরপ্রদেশের মহারাজগঞ্জ ও কুশীনগর জেলা থেকে দেহগুলি উদ্ধার করা হয়েছে। এবং দু’টি জেলাই নেপাল সীমান্তের কাছে অবস্থিত। ফলে এই দেহগুলো যে নেপাল থেকেই ভারতে যাওয়া, তা আরো দৃঢ় হলো।
মহারাজগঞ্জ, কুশীনগর—দুই জেলা থেকে উদ্ধার হওয়া কোনও ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। তাঁদের পরিচয় জানার চেষ্টা চলছে।
