ঢাকা: ভারতের নয়া দিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হচ্ছেন আসাদ আলম সিয়াম।
বর্তমান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামকে নিয়োগের চূড়ান্ত রূপরেখা বাস্তবায়িত হতে যাচ্ছে।
তাঁকে ভারতীয় মিশনে পাঠানোর বিষয়ে সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল, তাতে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে তাদের সম্মতিপত্র প্রদান করেছে।
নয়াদিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে গত ১৩ জুলাই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসাদ আলম সিয়ামের নাম প্রস্তাব করেছিল বাংলাদেশ। এখন সেই প্রস্তাবে সম্মতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক উচ্চপদস্থ কর্মকর্তা ভারতের এই সবুজ সংকেতের বিষয়টি নিশ্চিত করেছেন। এই বিষয়ে সম্মতিপত্রের একটি অনুলিপি ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে।
তিনি নয়া দিল্লিতে বর্তমান হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহর স্থলাভিষিক্ত হবেন।
আর এদিকে বর্তমান হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে নতুন মিশনে জেনেভায় পাঠানো হচ্ছে, যেখানে তিনি জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন।
আসাদ আলম সিয়াম একজন পেশাদার কূটনীতিক। তিনি ১৯৯৫ সালে বাংলাদেশ পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর নেদারল্যান্ডসের মাস্ট্রিচট স্কুল অব ম্যানেজমেন্ট থেকে এমবিএ করেন তিনি।
কাঠমান্ডুর সার্ক সচিবালয়, হাওয়াইয়ের এপিসিএসএস, সিউলের আইএফএএনএস, ঢাকার জাতীয় প্রতিরক্ষা কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বেশ কয়েকটি পেশাদার কোর্স সম্পন্ন করেছেন তিনি।
