ঢাকা: ভারতের আসামের গুয়াহাটিতে ধরা পড়লেন এক অবৈধ বাংলাদেশি নাগরিক। যিনি জালিয়াতির আশ্রয় নিয়েছিলেন এবং নিজেকে ভারতীয় প্রমাণ করার চেষ্টা করছিলেন।

বেআইনিভাবে ভারতে প্রবেশ এবং জালিয়াতির আশ্রয় নিয়ে ভারতের ভুয়ো পরিচয়পত্রও তৈরি করে ফেলেন।

এইসব অপরাধে আসামের গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদোলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে (LGBI) ধরা পড়লেন উক্ত বাংলাদেশি তরুণী।

কেন্দ্রীয় গোয়েন্দা ও বিমানবন্দর নিরাপত্তা কর্মীদের তৎপরতায় মঙ্গলবার সন্ধ্যায় ওই তরুণীকে আটক করা হয়।

পরে তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে একটি জাল আধার কার্ড উদ্ধার করা হয়। সেখানে ঠিকানা ছিলো পশ্চিমবঙ্গের এক অঞ্চলের। আধার কার্ডে তাঁর নাম ছিলো পূজা দাস।

জানা গেছে, ঐ তরুণী মঙ্গলবার সন্ধ্যায় এয়ার ইন্ডিয়ার একটি বিমানে করে বেঙ্গালুরু থেকে গুয়াহাটিতে নামেন।

কিন্তু তার চলাফেরা, গতিবিধি যথেষ্ট সন্দেহজনক ছিলো। বিমানবন্দরে মোতায়েন নিরাপত্তা ও গোয়েন্দা কর্মীদের নজরে পড়ে তাঁর কিছু সন্দেহজনক গতিবিধি। এর পরই আধিকারিকরা তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তরুণী স্বীকার করেন, তিনি বাংলাদেশের নাগরিক।

এরপর বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে তাঁকে পরবর্তী আইনি প্রক্রিয়া এবং তদন্তের জন্য আসামের আজারা থানার বর্ডার ব্রাঞ্চ বা সীমান্ত শাখার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

এদিকে, বুধবার প্রাথমিক আইনি ও প্রশাসনিক প্রক্রিয়ার পর বাংলাদেশি তরুণীকে আসামের গোয়ালপাড়া জেলার একটি ডিটেনশন সেন্টারে স্থানান্তরিত করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *