ঢাকা: টলিউড অভিনেত্রী তথা ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী মিমি চক্রবর্তী কি বিয়ে করছেন?
এত দিন বিয়ে নিয়ে প্রশ্ন উঠলেই অভিনেত্রী মিমি চক্রবর্তীর উত্তর ছিল, ‘‘কী জন্য করব?’’ কখনও আবার তিনি বলেছেন, কাজ, বই আর পোষ্যদের নিয়েই দিব্যি আছেন।
সেই মিমি কি এ বার সত্যিই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন? টলিপাড়ায় অন্তত তেমনই গুঞ্জন। বাংলাদেশেও গুঞ্জন আছে, কারণ বাংলাদেশেও তিনি বেশ পরিচিত মুখ।
বাংলাদেশের দুষ্টু কোকিল খ্যাত টালিউডের নায়িকা মিমি চক্রবর্তীর বিয়ের খবর বেশ চাউর হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, আগামি ডিসেম্বরেই বিয়ের পরিকল্পনা করছেন অভিনেত্রী।
শীতের আবহে পাহাড়ি শহর কালিম্পংয়ে বসতে পারে মিমির বিয়ের আসর।
ঘনিষ্ঠ সূত্রের দাবি, মিমি চক্রবর্তীর হবু স্বামীর নাম সিদ্ধার্থ। তিনি চলচ্চিত্রজগতের কেউ নন, নৌবাহিনীতে কর্মরত রয়েছেন বলে জানতে পারা গিয়েছে।
এরই মধ্যে সিদ্ধার্থের সঙ্গে মিমির একটি ছবিও প্রকাশ্যে এসেছে বলে জানা গেছে। পূজার সময় বন্ধুবান্ধবদের সঙ্গে আড্ডার মধ্যেই ছবিটি তোলা হয়েছিল বলে সূত্রের দাবি।
বিয়ের কেনাকাটা ও নিমন্ত্রণপত্র বিলির প্রস্তুতিও শুরু হয়ে গেছে বলে শোনা যাচ্ছে।
তবে মিমি চক্রবর্তী বা সিদ্ধার্থ—কেউই এখন পর্যন্ত বিয়ে বা সম্পর্কের বিষয়ে প্রকাশ্যে মুখ খোলেননি। ফলে ডিসেম্বরের বিয়ের খবরটি এখনো গুঞ্জন হিসেবেই রয়েছে।
