ঢাকা: তারেক রহমান ভারতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে যোগ দেননি। তাঁকে নাকি আমন্ত্রণ জানায়নি ভারত।
যাই হোক, উন্নয়নশীল অর্থনীতির জোট ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন আজ শনিবার (১২ সেপ্টেম্বর) ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হচ্ছে।
সম্মেলনকে কেন্দ্র করে শহরজুড়ে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা।
বিশ্বনেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে নয়াদিল্লির গুরুত্বপূর্ণ এলাকা, ভিভিআইপি রুটগুলোতে বাড়ানো হয়েছে নজরদারি।
সম্মেলনে যোগ দিতে গতকাল শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতেই নয়াদিল্লিতে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ দক্ষিণ আফ্রিকা ও ইন্দোনেশিয়ার রাষ্ট্রপ্রধানরাও সরাসরি সম্মেলনে অংশ নিচ্ছেন।
১২ এবং ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লির ভারত মণ্ডপমে শুরু হচ্ছে BRICS সম্মেলন।
রাষ্ট্রনেতা, প্রতিনিধি এবং সাংবাদিকেরা যাচ্ছেন। তাঁদের স্বাগত জানাতে এ বার শুধু বৈঠক আর কূটনৈতিক আয়োজন নয়। ভারতীয় সংস্কৃতির ছবিও তুলে ধরা হচ্ছে তাঁদের সামনে।
সেই লক্ষ্যেই তৈরি করা হয়েছে বিশেষ একটি ‘গুডি ব্যাগ’। তার মধ্যে রয়েছে ভারতের বিভিন্ন প্রান্তের স্বাদ, শিল্প এবং ঐতিহ্যের ছোঁয়া।
ব্যাগ খুললেই আছে বিহারের ছাতু। বিহারে অত্যন্ত পরিচিত খাবার, সেখানকার দৈনন্দিন জীবনের সঙ্গে ওতপ্রোতোভাবে জড়িত। এখন ভারতের আসাম, পশ্চিমবঙ্গের লোকেরাও খায়।
সেই ঘরোয়া খাবারই পৌঁছে যাচ্ছে বিদেশের সাংবাদিক ও রাষ্ট্রনেতাদের হাতে।
ছাতুর সঙ্গে রয়েছে বিহারের মাখানাও।
কফিপ্রেমীদের জন্যও রয়েছে এক দারুণ চমক। রয়েছে ওডিশার কোরাপুটের কফি। পাহাড়ি এলাকায় উৎপাদিত এই কফি ওডিশার তুলনামূলক কম পরিচিত একটি পরিচয়কে বিশ্বের সামনে নিয়ে আসছে।
পোশাক এবং সাজগোজের ছোঁয়া দিতে ব্যাগে রাখা হয়েছে গুজরাটের ঐতিহ্যবাহী ব্লক-প্রিন্টের স্টোল।
প্রতিদিন ব্যবহারের জন্য রাখা হয়েছে একটি কফি মগ এবং উপহার সামগ্রী বহন করার মতো সুন্দর টোট ব্যাগ।
এছাড়াও উপহারের এই ব্যাগের মধ্যে একটি চার্জিং পোর্ট যুক্ত করা হয়েছে। ফলে সহজেই নিজেদের মোবাইল বা ক্যামেরা চার্জ দিয়ে নিতে পারবেন।
এই উদ্যোগের পিছনে রয়েছে বিদেশ মন্ত্রক বা MEA।
MEA-র OSD বাসুদেব রবি জানিয়েছেন, আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সামনে ভারতের বৈচিত্র্য তুলে ধরাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
