ঢাকা: ঐ যে কথায় আছে না যার আয়ু যতদিন, তিনি ততদিনই বাঁচবেন। যত কষ্ট করে হলেও।
নাহলে ভাবুন, নেপালে প্রলয়ংকারী বন্যার ১০ দিন পর কাদামাটিতে ভরা সুড়ঙ্গ থেকে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে! তিনি চীনা নাগরিক। আশ্চর্য তো বটেই।
শনিবার (৫ সেপ্টেম্বর) নেপালের আপার ত্রিশুলি-১ জলবিদ্যুৎ প্রকল্প থেকে ওই চীনা নাগরিককে উদ্ধার করা হয়েছে বলে বার্তা সংস্থা এএফপিকে নিশ্চিত করেছেন নেপাল সেনাবাহিনীর একজন কর্মকর্তা।
দ্য কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, রাজারাম বাসনে নামের নেপাল সেনাবাহিনীর এই মুখপাত্র বলেন, নেপালের সেনাবাহিনী ও বিদেশি উদ্ধারকারীদের সমন্বয়ে একটি যৌথ উদ্ধারকারী দল লুহাইতো নামের ওই চীনা নাগরিককে সুড়ঙ্গের ২২৫ মিটার গভীর থেকে জীবিত উদ্ধার করেছে।
উদ্ধার করা ঐ চীনা নাগরিককে বর্তমানে হাসপাতালের তত্ত্বাবধানে রাখা হয়েছে।
উক্ত জলবিদ্যুৎ প্রকল্পে উদ্ধারকার্য এখনো চলছে।
প্রসঙ্গত, নেপাল-তিব্বত সীমান্তে গত ২৬ আগস্টের আকস্মিক ভয়াবহ হড়পা বানে পরিস্থিতি চরম রূপ ধারণ করছে।
নেপাল পুলিশের দেওয়া শেষ তথ্য অনুযায়ী, ধ্বংসস্তূপ থেকে দেহ উদ্ধারের পর এই বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৪৪।
বিপর্যয় মোকাবিলা দলগুলি উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে । তারপরেও এখনও প্রায় পাঁচ হাজার মানুষ নিখোঁজ রয়েছে।
অন্তত ২৭৫ জন ভারতীয় নাগরিক নিখোঁজ রয়েছেন বলে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক।
