ঢাকা: ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন আর নেই।
অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর আজ, শনিবার (১০ অক্টোবর) সকাল ৭টায় ভারতের কলকাতার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
শনিবার সকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি স্ট্যাটাসে রোটনের মৃত্যুর খবর জানান।
তিনি এই মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
শোকবার্তায় হানিফ লেখেন, স্নেহের ছোট ভাই বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন চিরদিনের জন্য আমাদের ছেড়ে চলে গেলো। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। রোটনের এই অকাল প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি ।
দোয়া করি মহান আল্লাহ রাব্বুল আল আমিন যেনো তাকে জান্নাত দান করেন। ওর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি ।
এর আগে, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত ৪ অক্টোবর রাতে রোটনকে কলকাতার রুবি জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।
ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে দুই বছরের বেশি সময় ধরে চিকিৎসার জন্য কলকাতায় অবস্থান করছিলেন তিনি।
মাহফুজুল হায়দার চৌধুরী রোটন ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ওই কমিটির সভাপতি ছিলেন মাহমুদ হাসান রিপন।
ছাত্রলীগের রাজনীতির মধ্য দিয়ে পরিচিতি পান রোটন। পরে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন।
তাঁর মরদেহ দেশে ফিরিয়ে আনা হবে কি না, বা কখন আনা হবে, সে বিষয়ে এখনো কোনো তথ্য জানা যায়নি।
