ঢাকা: লম্বা সময় পর অবশেষে বাংলাদেশি নাগরিকদের জন্য চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা।
তবে এখন ৫ জেলায় আবেদনপত্র গ্রহণ শুরু হবে।
২৮ জুন থেকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনা ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে (আইভ্যাক) ট্যুরিস্ট ভিসার আবেদনপত্র গ্রহণ শুরু হবে।
প্রায় দুই বছর ভিসা বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার (২৫ জুন) ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দিনেশ ত্রিবেদী আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করেন।
অনলাইনে আবেদন কীভাবে করতে হবে, কী কী লাগবে জেনে নিন:
ভারতীয় ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন যারা করবেন তাঁদের
প্রথমে ভারতের অনলাইন ভিসা পোর্টালে যেতে হবে।
সেখানে ‘রেগুলার ভিসা অ্যাপ্লিকেশন’ অপশন নির্বাচন করে দেশ হিসেবে বাংলাদেশ এবং ভিসার ধরন হিসেবে ট্যুরিস্ট ভিসা বেছে নিতে হবে। এগুলো সব লেখাই থাকে।
তারপর যার যার পাসপোর্ট অনুযায়ী ব্যক্তিগত তথ্য, পাসপোর্টের বিবরণ এবং ভ্রমণসংক্রান্ত তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে।
আবেদন জমা দেওয়ার পর একটি ওয়েব ফাইল নম্বর বা অ্যাপ্লিকেশন আইডি পাওয়া যাবে, এটি নিজের কাছে রেখে দেবেন।
এবং নির্ধারিত নিয়ম অনুযায়ী সাদা ব্যাকগ্রাউন্ডের একটি ডিজিটাল ছবি আপলোড করে আবেদনপত্র প্রিন্ট এবং নিজের স্বাক্ষর করতে হবে।
ভিসা আবেদন যখন করবেন তখন আবেদনকারীর পাসপোর্টে কমপক্ষে ছয় মাসের মেয়াদ থাকতে হবে এবং অন্তত দুটি খালি পৃষ্ঠা থাকতে হবে। নিজের পাসপোর্টের মেয়াদ দেখে নেবেন।
আগের কোনো পাসপোর্ট থাকলে সেটিও জমা দিতে হবে।
আর রঙিন ছবি লাগবে এবং সেটা সাম্প্রতিক হতে হবে। জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধনের কপি, বর্তমান ঠিকানার প্রমাণপত্র এবং পেশাভিত্তিক প্রয়োজনীয় নথি জমা দিতে হবে।
চাকরিজীবীদের ক্ষেত্রে নো-অবজেকশন সার্টিফিকেট (এনওসি) লাগবে।
ব্যবসায়ীদের ক্ষেত্রে হালনাগাদ ট্রেড লাইসেন্স লাগবে এবং শিক্ষার্থীদের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয়পত্র বা বোনাফাইড সনদ প্রয়োজন হবে।
আবেদন যিনি করবেন তার আর্থিক সক্ষমতা দেখাতে হবে। শুধু বললে হবে না, তার প্রমাণ লাগবে।
গত ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট অথবা পাসপোর্টে ন্যূনতম ১৫০ মার্কিন ডলারের বৈদেশিক মুদ্রা অ্যান্ডোর্সমেন্ট থাকতে হবে।
অনলাইন আবেদন সঠিকভাবে শেষ করে আইভ্যাকের নির্ধারিত পেমেন্ট পোর্টালের মাধ্যমে প্রসেসিং ফি দিতে হবে।
তারপর আইভ্যাক বাংলাদেশ ওয়েবসাইটে ঢুকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।
অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত হলে নির্ধারিত দিনে প্রিন্ট করা আবেদনপত্র, পাসপোর্ট এবং প্রয়োজনীয় সমস্ত নথিপত্র নিয়ে সংশ্লিষ্ট আইভ্যাক কেন্দ্রে উপস্থিত হতে হবে।
