ঢাকা: বাংলাদেশ যখন ডেঙ্গুতে ভুগছে তখন ভারতে চলে এসেছে ডেঙ্গু প্রতিরোধী টিকা।
ডেঙ্গু প্রতিরোধে ভারত বড়সড় পদক্ষেপ নিলো। Takeda Biopharmaceuticals India Pvt. Ltd.-এর ডেঙ্গু টিকা QDENGA-কে বাজারজাত করার অনুমোদন দিয়েছে ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেল (DCGI)।
New Drugs and Clinical Trials (NDCT) Rules, 2019-এর CT-20 বিধির আওতায় এই অনুমোদন দেওয়া হয়েছে।
সংস্থার দাবি, QDENGA-ই হচ্ছে ভারতের প্রথম অনুমোদিত ডেঙ্গু টিকা।
এই টিকা ৪ বছরের শিশু থেকে ৬০ বছর বয়সী বৃদ্ধদের জন্য ব্যবহার করা যাবে।
আর এই ডেঙ্গু টিকা নেওয়ার আগে কারও আগে ডেঙ্গু জ্বর হয়েছিল কি না, তা জানার প্রয়োজন নেই। অর্থাৎ প্রি-ভ্যাকসিনেশন টেস্টিং ছাড়াই এই টিকা দেওয়া যাবে।
প্রস্তুতকারী সংস্থার দাবি, এই ভ্যাকসিন দিলে, ডেঙ্গুর সব প্রকার থেকেই প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে।
উপসর্গযুক্ত ডেঙ্গু সংক্রমণ ও হাসপাতালে ভর্তি হওয়ার মতো পরিস্থিতি এড়ানো যাবে এই টিকা নিলে।
ডেঙ্গু ভ্যাকসিনের দুটি ডোজ নিতে হবে জনগণকে। তিন মাসের ব্যবধানে এই ভ্যাকসিন দিতে হবে।
জানা গিয়েছে, এই ভ্যাকসিন ইউরোপিয়ান ইউনিয়ন, ব্রিটেন, ব্রাজিল, ইন্দোনেশিয়া, আর্জেন্টিনা সহ ৪০টিরও বেশি দেশে অনুমোদন পেয়েছে। ৩২ মিলিয়ন ডোজ দেওয়া হয়েছে বিশ্বজুড়ে।
এবং প্রতিবেশী ভারতেও এই ডেঙ্গু ভ্যাকসিন অনুমোদন পেয়ে গেলো এবার।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে যে দেশগুলিতে ডেঙ্গুর প্রকোপ রয়েছে, সেখানে ডেঙ্গু নিয়ন্ত্রণে এই ভ্যাকসিন কার্যকরী হবে।
