ঢাকা: তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালীর পথে এগোচ্ছে। যে সম্পর্ক একেবারেই ভেঙে পড়েছিলো রাজনৈতিক পালা বদল তথা ৫ আগস্টের পর।
ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে দুই দেশের সম্পর্কে মারাত্মক অবনতি ঘটে। যদিও সেটা এখন মেরামতি হচ্ছে।
এবং দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশি পর্যটকদের জন্য ভারতীয় ভিসা প্রাপ্তির দুয়ারও ফের খুলে যাচ্ছে।
সবকিছু ঠিকঠাক থাকলে আগামি ৬ মে থেকে ট্যুরিস্ট ভিসা কার্যক্রম স্বাভাবিক করার বিষয়ে জোর আলোচনা চলছে।
এই সিদ্ধান্ত কার্যকর হলে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের ভিসা জটিলতা ও অচলাবস্থার অবসান ঘটবে বলে ধারণা করা হচ্ছে।
আজ, শনিবার (২ মে) ভারতের কেন্দ্রীয় সরকারের এক প্রশাসনিক কর্তার বরাতে এই ইতিবাচক সম্ভাবনার কথা জানা গেছে।
সূত্রমতে, ভারত ও বাংলাদেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তত্ত্বাবধানে রয়েছে। ভিসা সংক্রান্ত এই বিষয়টি পর্যালোচনার জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি কাজ করছে, যার নেতৃত্বে রয়েছেন কংগ্রেস সাংসদ শশী থারুর। তিনি দ্রুত সম্পর্ক স্বাভাবিক করার পক্ষে মত দিয়েছেন।
তবে চূড়ান্ত সিদ্ধান্তের ক্ষেত্রে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের প্রতিবেদন এবং প্রধানমন্ত্রীর দপ্তরের (পিএমও) সবুজ সংকেত খুব গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।
