ঢাকা: ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে‌।

ঘটনায় শিশুসহ অন্তত ৯ বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন এবং আরও ৬ জন আহত হয়েছেন।

ভারত বাংলাদেশ স্তম্ভিত এই ঘটনায়।

কলকাতার প্রাণকেন্দ্র নিউমার্কেটের হোটেলে ভয়াবহ আগুনের ঘটনায় শোকে স্তম্ভিত জনগণ।

মঙ্গলবার গভীর রাতে নিউ মার্কেট থানা এলাকার মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে আগুন লাগে। মুহূর্তে ধোঁয়ায় ভরে যায় ঘর। তখন অধিকাংশ আবাসিকই ঘুমিয়ে ছিলেন।

পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় দমকল, পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। উদ্ধার করা হয় সকলকে। তাঁদের মধ্যে ৯ জন অচৈতন্য অবস্থায় ছিলেন। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

প্রাথমিক ভাবে এসি বা শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড হয়ে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে আগুনের প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। ফরেনসিক বিশেষজ্ঞদের তদন্তের পর বিষয়টি আরও স্পষ্ট হবে।

আরেকটি বিষয় হচ্ছে সেই হোটেলের প্রবেশ ও বেরোনোর পথ খুবই সরু। ফলে উদ্ধারকাজও কঠিন হয়ে পড়ে।

যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের একাংশ চিকিৎসার জন্যই কলকাতা গিয়েছিলেন।

নিহতদের নাম-পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।

ভারতের পিটিআই ও এনডিটিভিসহ আরও বেশ কয়েকটি সংবাদমাধ্যম নিশ্চিত করেছে যে, আগুনে প্রাণ হারানো ৯ জনই বাংলাদেশি নাগরিক এবং তারা চিকিৎসার উদ্দেশ্যে কলকাতায় গিয়েছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *