ঢাকা: ৫৭ জন সন্দেহভাজন বাংলাদেশিকে ভারতের আসামের গুয়াহাটির কামাখ্যা রেলস্টেশনে আটক করেছে রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ)।
শুক্রবার আসামের গুয়াহাটির কামাখ্যা রেলওয়ে স্টেশনের মালিগাঁও এলাকায় ব্রহ্মপুত্র মেইল ট্রেন থেকে তাঁদের আটক করা হয়।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, এই দলটি জম্মু ও কাশ্মীরের শ্রীনগর থেকে পালিয়ে সেখানে গিয়েছিলো।
গত দুই দিনে আসামের গুয়াহাটির বিভিন্ন পৃথক পৃথক অভিযানে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে আরও অন্তত ১৭ জনকে বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে গত মঙ্গলবার গুয়াহাটির পল্টন বাজার রেলওয়ে স্টেশনের কাছে লোকমান্য তিলক টার্মিনাস এক্সপ্রেসের একটি সাধারণ কোচ থেকে পাঁচজন বাংলাদেশি সন্দেহে আটক করা হয়।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা মেঘালয়ের ডাউকি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে গত ৫ অক্টোবর গুয়াহাটিতে পৌঁছে একটি হোটেলে ছিলো।
সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য প্রমাণের ভিত্তিতে পানবাজার থানায় একটি মামলা দায়ের করা হয়।
পুলিশ সূত্র জানিয়েছে, আটক ব্যক্তিদের একজনকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরেই ওই হোটেলটি শনাক্ত করা সম্ভব হয়।
তদন্তকারীরা এখন কথিত অবৈধ অনুপ্রবেশের পরিস্থিতি এবং গুয়াহাটিতে পৌঁছানোর পর ওই ব্যক্তিদের গতিবিধি খতিয়ে দেখছেন।
