ঢাকা: আজ ৩১ শে জুলাই, ২০২৬। ঠিক ১৮ বছর ৮ মাস আগে ভারতের এই রাজ্য ছেড়ে বের হয়ে যেতে হয়েছিলো আমাদের বাংলাদেশ থেকেও নির্বাসিত লেখক তসলিমা নাসরিনকে।
এবং সসম্মানে আজ কলকাতায় ফিরে গেলেন তিনি। নিজের প্রিয় শহরে ফেরার আগে সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন তসলিমা।
লেখেন, “আজি এ প্রভাতে কলকাতার অভিমুখে যাত্রা শুরু করিলাম।”
ঘড়িতে তখন প্রায় দেড়টা হবে। লাল পাড় সাদা শাড়ি পরে কলকাতা বিমানবন্দর থেকে বেরোচ্ছেন লেখক। মুখে চওড়া বা তৃপ্তির হাসি বলা যেতে পারে।
এত বছর পর যে তিনি সত্যিই পশ্চিমবঙ্গে পা রাখতে পারবেন, হয়তো স্বপ্নেও ভাবেননি। তাই মনের আনন্দ ছিলো আলাদা। সেখানে কর্মসূচি রয়েছে তাঁর।
তসলিমা নাসরিনকে শঙ্খধ্বনি ও উলুধ্বনি দিয়ে মহিলারা স্বাগত জানান। কলকাতায় পা দিয়ে তসলিমা হাতজোড় করে বলেন, “খুবই ভালো লাগছে। সবাইকে ধন্যবাদ।”
আগামিকাল পয়লা আগস্ট রবীন্দ্রসদনে তসলিমা নাসরিনের বই প্রকাশ অনুষ্ঠান রয়েছে। প্রকাশিত হবে তসলিমা নাসরিনের আত্মজীবনী সমগ্র। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন খোদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
তসলিমার ফেরা নিয়ে সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলেন, “খুবই ভালো লাগছে। দেখা হলে আরও ভালো লাগবে।”
তসলিমা নাসরিন বলেছেন, ‘আমার মনে হচ্ছে, আমি যেন নিজের দেশে ফিরে এসেছি। আমার হৃদয়ে, এই বাংলা কখনও কাঁটাতারের বেড়া টানেনি। তবে পূর্ব বাংলা এখনও আমার জন্য দ্বার বন্ধ রেখেছে, তাই পশ্চিমবঙ্গই আমার বাড়ি।’
