ঢাকা: ইতিহাস বানিয়ে ফেললেন টেলর। প্রায় এক যুগ পর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে খেলতে নেমেই ইতিহাস গড়লেন জিম্বাবুয়ের অভিজ্ঞ ব্যাটার ব্রেন্ডন টেলর।
মাঠে নামার সঙ্গে সঙ্গে ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে দীর্ঘ ক্যারিয়ারের বিশ্ব রেকর্ড নিজের করে নিয়েছেন জিম্বাবুয়ের সাবেক এই অধিনায়ক।
এর আগে জানেন এই রেকর্ডের মালিক কে ছিলেন? ছিলেন ভারতের কিংবদন্তি ব্যাটার শচীন টেন্ডুলকার।
১৯৮৯ সালের ডিসেম্বর থেকে ২০১২ সালের মার্চ পর্যন্ত ওয়ানডে খেলেছিলেন তিনি। সব মিলিয়ে তাঁর ওয়ানডে ক্যারিয়ারের দৈর্ঘ্য ছিল ২২ বছর ৯১ দিন।
আর ২০০৪ সালের এপ্রিলে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়েছিল টেলরের। মঙ্গলবার হারারেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে একাদশে জায়গা পেয়ে মাঠে নামার মাধ্যমে তাঁর ওয়ানডে ক্যারিয়ারের ব্যাপ্তি দাঁড়িয়েছে ২২ বছর ১৪৭ দিনে।
এর ফলে শচীন টেন্ডুলকারকে পেছনে ফেলে নতুন রেকর্ড গড়েছেন ৪০ বছর বয়সি এই ব্যাটার। সিরিজের বাকি দুই ম্যাচেও খেললে তার এই রেকর্ডের ব্যবধান আরও বেড়ে যাবে স্বাভাবিকভাবেই।
তবে ওয়ানডেতে সবচেয়ে বেশি ম্যাচ এবং রানের রেকর্ড এখনো শচীন টেন্ডুলকারের দখলে। ৪৬৩টি ওয়ানডেতে ভারতের এই কিংবদন্তি ১৮ হাজার ৪২৬ রান সংগ্রহ করেছেন। এবং দুটিই বিশ্ব রেকর্ড।
অন্যদিকে, টেলর এখন পর্যন্ত ২০৮টি ওয়ানডে খেলেছেন। তাঁর ব্যাট থেকে এসেছে ১১টি সেঞ্চুরি এবং ৩৯টি ফিফটি, মোট রান ৬ হাজার ৭০৪।
