রাঙামাটি: ত্রিপুরার উদয়পুরের মহারানি থানা এলাকা থেকে পার্বত্য চট্টগ্রামের জনসংহতি সমিতির (জেএসএস, সন্তু লারমা উপদল) এক সক্রিয় অস্ত্র চোরাকারবারিকে গ্রেফতার করেছে ভারতের ত্রিপুরা পুলিশ।
আজ, বৃহস্পতিবার তথা (২৯ অক্টোবর) ওই এলাকায় অভিযান চালিয়ে তাঁর কাছ থেকে ২০০ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম হলো বিমল চাকমা।
তিনি খাগড়াছড়ির পানছড়ি এলাকার দুদুকছড়ার শান্তিটিলার বাসিন্দা ভুবন্ত চাকমার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, বিমল চাকমা মূলত জেএসএস (সন্তু গ্রুপ)-এর দুই নেতা প্রত্যুত্তর চাকমা ও সমাজপ্রিয় চাকমার পক্ষে কাজ করতেন।
এই দুই নেতা আবার জুম্ম লিবারেশন আর্মি (জেএলএ)-এর ডেপুটি ফিল্ড কমান্ডার এবং সন্তু লারমার নাতি জ্যোতিষ্মান চাকমা ওরফে বুলবুলের সরাসরি অধীনে অস্ত্র পরিচালনা ও চোরাচালানের কাজ নিয়ন্ত্রণ করেন।
পুলিশ এই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এছাড়া এই আন্তর্জাতিক অস্ত্র চোরাচালান নেটওয়ার্কের সাথে অন্য কারা জড়িত রয়েছে, তা খুঁজে বের করতে পুলিশী তৎপরতা চলছে।
তবে তদন্তের স্বার্থে এই মুহূর্তে গ্রেফতার ও অস্ত্রের উৎস সম্পর্কে বিস্তারিত আর কোনো তথ্য জানায়নি পুলিশ।
